• facebook
  • twitter
Wednesday, 29 April, 2026

মিষ্টির দোকানে সাজানো রাজনৈতিক প্রতীকের মিষ্টি, হাওড়ায় দেদার বিক্রি ‘ভোটের সন্দেশ’

ব্যবসায়ী জানিয়েছেন, মূলত তৃণমূল, বিজেপি, সিপিএম ও কংগ্রেস- এই চারটি দলের প্রতীকচিহ্ন দিয়েই তৈরি সন্দেশ তৈরী করা হয়েছে

ভোটের মরশুমে রাজনৈতিক উত্তাপের মাঝেই হাওড়ার শিবপুরের ব্যাতাইতলা এলাকায় দেখা মিলছে এক ব্যতিক্রমী চিত্র। এখানে একটি মিষ্টির দোকানে তৈরি হচ্ছে রাজনৈতিক দলের প্রতীকচিহ্ন আঁকা ক্ষীরের সন্দেশ, যা ইতিমধ্যেই এলাকাজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে। কোনও মিষ্টির উপর জোড়াফুল, কোনওটিতে পদ্মফুল, আবার কোনওটিতে কাস্তে-হাতুড়ি-তারা কিংবা হাতচিহ্ন- সবই ক্ষীর ও রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
এই ‘ভোটের মিষ্টি’ এখন ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ। ব্যবসায়ী জানিয়েছেন, মূলত তৃণমূল, বিজেপি, সিপিএম ও কংগ্রেস- এই চারটি দলের প্রতীকচিহ্ন দিয়েই তৈরি সন্দেশ তৈরী করা হয়েছে। প্রতিটি মিষ্টির দাম রাখা হয়েছে ১০০ টাকা করে। ভোটের আবহে এই মিষ্টি শুধু উপহার নয়, সৌজন্য ও প্রচারের মাধ্যম হিসেবেও ব্যবহার হচ্ছে। অনেকে নিজের দলের প্রতীকযুক্ত মিষ্টি কিনে নেতা-কর্মীদের উপহার দিচ্ছেন, আবার কেউ পারিবারিক সৌহার্দ্য বজায় রাখতে বিভিন্ন দলের প্রতীকচিহ্ন দেওয়া মিষ্টি ভাগ করে নিচ্ছেন।
দোকানের মালিক সৈকত পাল জানান, ২০১১ সালের বিধানসভা নির্বাচন থেকে এই বিশেষ মিষ্টি তৈরি শুরু হয়েছে। তাঁর কথায়, ‘প্রতিবারই ভোটের আগে এই মিষ্টির চাহিদা বাড়ে। এবারও দেদার বিক্রি হচ্ছে। ১৫ দিন আগে থেকেই প্রস্তুতি শুরু করেছি।’  তিনি আরও জানান, শুধু সাধারণ মানুষই নয়, রাজনৈতিক দলের কর্মী-সমর্থক এবং প্রার্থীরাও এই দোকান থেকে মিষ্টি কিনছেন। হাওড়া সদরের একাধিক প্রার্থীও তাঁদের প্রচারের জন্য এই বিশেষ সন্দেশ নিচ্ছেন বলে দাবি তাঁর। শুধু ব্যাতাইতলা নয়, হাওড়া ময়দান ও পোদরায় থাকা এই দোকানের শাখাগুলিতেও একইভাবে চলছে ‘ভোটের মিষ্টি’র বিক্রি। ভোটের উত্তেজনার মাঝেও এমন মিষ্টিমুখে এখন মিশেছে সৌহার্দ্যের স্বাদ।

Advertisement

Advertisement