• facebook
  • twitter
Thursday, 2 April, 2026

ইস্তফা নিয়ে আইনি জটিলতায় স্বপ্না

সোমবারের মধ্যে রেলের অবস্থান জানানোর নির্দেশ আদালতের

প্রতিনিধিত্বমূলক চিত্র

চাকরিরত অবস্থায় রাজনীতিতে যোগদান ও নির্বাচনে প্রার্থী হতেই আইনি জটিলতার মুখে স্বপ্না বর্মন। রেলের চাকরিতে ইস্তফা নিয়ে জটিলতার মুখে পড়েন তিনি। এদিন এই জটিলতা সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই আগামী সোমবারের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে রেলকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ।

সোনাজয়ী প্রাক্তন অ্যাথলিট স্বপ্না বর্মনকে ২০২০ সালে আলিপুরদুয়ার ডিভিশনের স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেকটর পদে চাকরি দেয় রেল। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কর্মরত অবস্থায় তৃণমূলের যোগদান কর্মসূচিতে উপস্থিত থাকায় ৯ মার্চ স্বপ্নাকে সরকারি চাকরির শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ করে রেল কর্তৃপক্ষ। এরই মধ্যে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা আসনে স্বপ্নাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল। যদিও তার আগেই রেলের কাছে নিজের ইস্তফাপত্র পাঠান স্বপ্না। কিন্তু ভারতীয় রেলের তরফে তাঁর ইস্তফা মঞ্জুর করে এনওসি দেওয়া হয়নি। রেলের এই পদক্ষেপের কারণে স্বপ্না মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েন।

Advertisement

ইস্তফা নিয়ে জটিলতা তৈরি হতেই কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন তিনি। গত মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে রেলের রিপোর্ট চেয়েছিলেন বিচারপতি। আজ শুক্রবার শুনানিতে রিপোর্টটি জমা দেয় রেল। রিপোর্ট দেখে স্বপ্না বর্মনের ইস্তফা নিয়ে আগামী সোমবারের মধ্যে রেলের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Advertisement

এদিন ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার জানিয়েছেন, ‘রেলের তরফে রিপোর্ট পেশ করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে নতুন নির্দেশ দিয়েছেন বিচারপতি। স্বপ্না বর্মনের ইস্তফা সংক্রান্ত বিষয়ে রেল কী চিন্তাভাবনা করছে তা আগামী সোমবারের মধ্যে আদালতে জানাতে হবে।’

Advertisement