আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার গুয়াহাটিতে পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিমানবন্দরে নেমেই হিমন্ত বিশ্বশর্মার প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। শুভেন্দুর কথায়, ‘হিমন্ত বিশ্বশর্মার থেকে অনেক কিছু শিখেছি। তিনি অত্যন্ত মাটির মানুষ।’
গুয়াহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাঁকে নিজের ‘বড় ভাই’-এর মতো বলেও উল্লেখ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, আসাম-সহ উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে একসঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদী তিনি।
Advertisement
শুভেন্দু অধিকারী আরও বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ে আসামের বিজেপি কর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই কারণে আসামের মানুষের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর দাবি, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি একসঙ্গে কাজ করলে উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে।
Advertisement
মঙ্গলবার গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ ময়দানে আয়োজিত হচ্ছে হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের একাধিক শীর্ষ নেতা।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল জয়ের পর টানা দ্বিতীয়বার আসামের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উত্তর-পূর্ব ভারতে বিজেপির সাংগঠনিক শক্তি আরও মজবুত হওয়ারই ইঙ্গিত দিয়েছে এই ফলাফল।
শপথ অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা গুয়াহাটিতে পৌঁছেছেন। গোটা শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
Advertisement



