• facebook
  • twitter
  • youtube
Sunday, 14 June, 2026

কালীঘাটে শুভেন্দুকে চোর-চোর স্লোগান

কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে দাঁড়িয়ে শুভেন্দু অভিযোগ করেন, তাঁর উপর বহিরাগতরা আক্রমণ করছেন

কালীঘাটে যেতেই শুভেন্দু অধিকারীকে ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। কনভয় আটকে যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে দাঁড়িয়ে শুভেন্দু অভিযোগ করেন, তাঁর উপর বহিরাগতরা আক্রমণ করছেন। তিনি ফোন করে সিআরপিএফকে আসতে বলেন। পাল্টা তৃণমূল কাউন্সিলর তথা মমতার ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন মিথ্যা কথা বলছেন শুভেন্দু। তিনি প্রভাবিত করার চেষ্টা করছেন ভোটারদের। এর মধ্যে বাহিনী পৌঁছোয়। শুরু হয় লাঠিচার্জ।

জয় হিন্দ ভবনের সামনে উত্তেজনা তুঙ্গে। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ শুরু করে। বিক্ষোভকারীদের দিকে দৌড়ে যেতে দেখা যায় শুভেন্দুকে। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। তবে ভোটদানে বিরতি নেই। ভবানীপুর বিধানসভা এলাকার বুথে বুথে ঘুরেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ছাতা মাথায় দিয়ে ঘোরেন রাস্তায়। তিনি দুপুরে চলে যান মিত্র ইনস্টিটিউশনে। তাঁর কথায়, ‘এই বুথেও আমি জিতব।’