• facebook
  • twitter
  • youtube
Sunday, 16 August, 2026

ভাটপাড়ায় বাড়িতে ঢুকে প্রকাশ্যে চলল গুলি, সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ

এই শুটআউটের ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কে বা কারা রসিদের বাড়িতে চড়াও হয়েছিল? কেন গুলি চালাল? নেপথ্য ঘটনা ঠিক কী?

ভাটপাড়ায় বাড়িতে ঢুকে প্রকাশ্যে চলল গুলি, সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ

Bhatpara Shootout Photo-SNS

ভাটপাড়ায় আবার শুটআউটের ঘটনা। যা নিয়ে এলাকায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। এখানের ১৫ নম্বর গলিতে এই শুটআউটের ঘটনা ঘটেছে। রবিবার একদল দুষ্কৃতী এলাকার বাসিন্দা রশিদ খানের বাড়িতে ঢুকে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি চালিয়েছে বলে দাবি পুলিশের। পুরো ঘটনা ধরা পড়েছে এলাকার সিসিটিভি ফুটেজে। ওই ফুটেজের উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছে পুলিশ। একদল সশস্ত্র দুষ্কৃতী হঠাৎই এলাকার বাসিন্দা রশিদ খানের বাড়িতে চড়াও হয় এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, এদিন ওই দুষ্কৃতীরা পানীয় জলের ব্যবসায়ী রসিদ খানের বাড়িতে আচমকা চড়াও হয়। তখন বাড়িতে একা ছিলেন রসিদ খানের স্ত্রী। রশিদ খানকে না পেয়ে শূন্যে এক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। গুলির শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন ভাটপাড়া থানায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। এই ঘটনার বিস্তারিত বিবরণ ধরা পড়েছে সংশ্লিষ্ট এলাকার একটি সিসিটিভি ফুটেজে। পুলিশ সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং তার উপর ভিত্তি করেই মূল অভিযুক্ত ও দুষ্কৃতীদের শনাক্ত করতে জোরকদমে তদন্ত শুরু করেছে।

এই শুটআউটের ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কে বা কারা রসিদের বাড়িতে চড়াও হয়েছিল? কেন গুলি চালাল? নেপথ্য ঘটনা ঠিক কী? পুলিশ তদন্ত করে কোনও তথ্য পেল কী? কেন এখনও কেউ গ্রেপ্তার হলো না? এই প্রশ্নগুলির উত্তর এখনও জানা যায়নি। তবে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ। এই হামলার ঘটনায় অন্য কারও ইন্ধন বা যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে কিনা সেটাও গভীরভাবে খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।

তাছাড়া এই ভয়াবহ শুটআউটের পর চরম আতঙ্কের মধ্যে আছেন বলে জানিয়েছেন রশিদ খানের স্ত্রী নিগার খান। এই ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, হামলার সময়ে তিনি বাড়িতে একেবারেই একা ছিলেন। ওই সুযোগেই দুষ্কৃতীরা এসে তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। দুষ্কৃতীরা ঘরের মূল দরজায় সজোরে লাথি মারার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজও করতে থাকে। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। রশিদ খানের স্ত্রী নিগার খান বলেন, ‘বাড়িতে আমি বাড়িতে একা ছিলাম। আমার বাড়িতে গুলি চালানো হয়েছে। বাড়ির মেন গেটে দুষ্কৃতীরা লাথি মারছিল। গালিগালাজ করছিল। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।’