সন্দেশখালি কাণ্ডে বড় ধাক্কা খেলেন প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান শেখ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকদের উপর হামলার মামলায় জামিন পেলেন না শাহজাহান। এই মামলায় জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষ রায়ের বেঞ্চে এই মামলার রায় ঘোষণা করা হয়। আদালত স্পষ্ট জানায়, বর্তমানে শাহজাহানকে জামিন দেওয়া সম্ভব নয়। সিবিআইয়ের তরফে আদালতে দাবি করা হয়, অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষীদের ভয় দেখানোর গুরুতর অভিযোগ রয়েছে। এই বিষয়টি বিবেচনায় নিয়েই আদালত জামিনের আবেদন নাকচ করে। তবে একই সঙ্গে আদালত এও জানায়, তদন্তে নতুন কোনও তথ্য উঠে এলে ভবিষ্যতে তিনি পুনরায় জামিনের আবেদন করতে পারবেন।
Advertisement
২০২৪ সালের ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি। অভিযোগ, সেই সময় ইডির দল এবং তাঁদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর হামলা চালায় একদল উত্তেজিত গ্রামবাসী। তদন্তকারীদের দাবি, হামলাকারীরা মূলত শাহজাহানের অনুগামী ছিল। এই ঘটনায় কয়েকজন ইডি আধিকারিক গুরুতর আহত হন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়।
Advertisement
এছাড়াও অভিযোগ ওঠে, হামলার সময় তদন্তকারীদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছিল। ঘটনার পর ন্যাজাট থানার পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা দায়ের করে। পরে ইডিও পৃথক অভিযোগ জানায়। অন্যদিকে, শাহজাহানের বাড়ির কেয়ারটেকারও ইডির বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন।
ঘটনার পর কিছুদিন আত্মগোপনে থাকার পর শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। পরবর্তীতে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় এবং শাহজাহানকেও কেন্দ্রীয় সংস্থার হাতে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি কলকাতার প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি রয়েছেন।
Advertisement



