এখনও বিপন্মুক্ত নন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শারীরিক অবস্থার অবনতি না হলেও উন্নতি হয়নি। হাসপাতাল সূত্রে খবর, বিষক্রিয়ার জেরে তাঁর মুখে অতিরিক্ত লালারস জমে গিয়েছিল। পুরোপুরি সচেতন না থাকায় সেই লালারস ফুসফুসে প্রবেশ করছে। এর ফলে ফুসফুসে অক্সিজেন সরবরাহে সমস্যা হচ্ছে বলে সিটি স্ক্যানের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, রেখার রক্তচাপ, ক্রিয়েটিনিন ও ইউরিয়ার মাত্রা আপাতত নিয়ন্ত্রণ রয়েছে। তবে রক্তে পটাশিয়ামের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি। তা কমানোর জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন।
আরও পড়ুন: গুরু নানক জয়ন্তী উপলক্ষে আজ আর কাল ব্লু লাইনে মিলবে বেশি রাত পর্যন্ত মেট্রো
শনিবার রাত ৯টার সময় হিঙ্গলগঞ্জের বাড়িতে আচমকাই অসুস্ত হয়ে পড়েন বিজেপি বিধায়ক। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। প্রায় চার ঘণ্টা সেখানে চিকিৎসাধীন থাকার পর অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় কলকাতায় পাঠানো হয়।
বসিরহাট হাসপাতালের রেফারেল কার্ডে উল্লেখ করা হয়েছে, পরিবারের সদস্যদের দাবি, রেখার পেটে বিষাক্ত ‘হার্বাল লার্ভিসাইড’ বা ‘ভেষজ কীটনাশক’ ঢুকেছিল। সেই সময় তাঁর রক্তচাপ ছিল ১২৪/৭০ এবং নাড়ির স্পন্দন প্রতি মিনিটে ১১০। মিনিটে চার লিটার অক্সিজেন দিতে হচ্ছিল তাঁকে। চিকিৎসকদের নথি অনুযায়ী, তখন তিনি অত্যন্ত ঝিমিয়ে পড়েছিলেন। ডাকাডাকি করলেও বিশেষ সাড়া দিচ্ছিলেন না। বুকে চাপ দিয়ে তাঁকে জাগানোর চেষ্টা করেও সাফল্য মেলেনি। শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয় তাঁকে।
রবিবার সকালে রেখার শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল। পরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, আগের তুলনায় তাঁর অবস্থআর কিছুটা উন্নতি হয়েছে। তবে বিষক্রিয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়। নমুনা পরীক্ষার জন্য অপেক্ষা করা হচ্ছে। বসিরহাট জেলা হাসপাতাল থেকে শনিবার রাত ৩টের সময় তাঁকে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সংক্রান্ত হাসপাতালের নথিও সামনে এসেছে।
উল্লেখ্য, সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আন্দোলনের মুখ হিসেবে পরিচিতি পেয়েছিলেন রেখা পাত্র। সেই আন্দোলনের পরেই লোকসভা নির্বাচনে তাঁকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করেছিল বিজেপি। যদিও সেই নির্বাচনে জয় পাননি তিনি। পরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ থেকে জয়ী হয়ে বিধায়ক হন। তবে বর্তমানে দলের জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন রেখা। জেলার বিভিন্ন কর্মসূচিতে তাঁকে আমন্ত্রণ জানানো হয় না বলেও অভিযোগ করেছিলেন তিনি। তাঁর অসুস্থতায় ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে দলের অন্দের।
দেখুন:




