হাসনাবাদের মাখালগাছা এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে রবিবার বিক্ষোভের সৃষ্টি হয়। সকাল থেকেই কাঁথি–মালঞ্চ রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, ফলে এলাকায় উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের ২৫১, ২৫২ ও ২৫৩ নম্বর বুথে প্রায় ৭০০ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছে। অভিযোগ, ওই তালিকায় ২৫১ নম্বর বুথের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের নামও নেই। এই ঘটনাকে ঘিরেই সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
Advertisement
বিক্ষোভকারীদের দাবি, বহু পুরনো বাসিন্দা হওয়া সত্ত্বেও তাঁদের নাম পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘যাঁরা কয়েক বছর আগে বাইরে থেকে এসেছেন, তাঁদের নাম তালিকায় রয়েছে, অথচ আমাদের মতো বহু প্রজন্মের বাসিন্দাদের নাম মুছে দেওয়া হয়েছে।‘ এই অভিযোগকে কেন্দ্র করে সঠিক তদন্তের দাবিতে দিনভর অবরোধ ও বিক্ষোভ চলে।
Advertisement
উল্লেখ্য, গত এক মাসেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একই ধরনের সমস্যার অভিযোগ উঠছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন, আর তাতেই বহু মানুষের নাম বাদ পড়ার ঘটনা সামনে আসছে।
যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইব্যুনালে এই সংক্রান্ত মামলাগুলি বিবেচনাধীন, তবুও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি কাটছে না। কোথায় আবেদন করতে হবে বা আদৌ ভোটাধিকার প্রয়োগ করা যাবে কি না—এই অনিশ্চয়তায় ক্ষোভ বাড়ছে। ফলে ভোটের আগে এই পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে উদ্বেগ বাড়ছে সর্বত্র।
Advertisement



