উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া এলাকার ঘটনা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এক মহিলা রোগী। ক্ষুব্ধ এলাকাবাসীরা উপ-স্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ। জেমুয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে শুক্রবার রক্তচাপজনিত সমস্যার চিকিৎসার জন্য আসেন আসিলা বিবি নামে এক মহিলা। পরিবারের দাবি, চিকিৎসক তাঁকে কয়েক মাস ওষুধ খাওয়ার পরামর্শ দেন। সেই মতো স্বাস্থ্য কর্মীরা সরকারি ওষুধ দেন। বাড়ি ফিরে তিনি সেই ওষুধ খাওয়ার পর তাঁর স্বামী শেখ ইব্রাহিম ওষুধের গায়ে থাকা মেয়াদ পরীক্ষা করে দেখেন যে ওষুধটির মেয়াদ এক মাস আগেই শেষ হয়ে গিয়েছে।
বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শনিবার সকালে রোগীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যকেন্দ্রে এসে ক্ষোভ প্রকাশ করেন। এক সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ হস্তক্ষেফব করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেখ ইব্রাহিম অভিযোগ করে বলেন, আমরা যখন দেখি ওষুধটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তখন থেকেই আমার স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বেড়ে যায়। তাঁকে আরও এক মাস এই ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। বিষয়টি ধরা না পড়লে বড় ধরনের ক্ষতি হতে পারতো বলে দাবি তার। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।




