সম্পত্তি দখল থেকে প্রতারণা করার অভিযোগ উঠল প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং তাঁর মেয়ের বিরুদ্ধে। এবার অতীনকে তলব করল বিধাননগর উত্তর থানা। তলব করা হয়েছে প্রাক্তন মেয়ের জামাইকেও। তবে অতীন ঘোষের দাবি, তিনি কোনও নোটিস পাননি। যদিও অতীনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। জমি দখল, ভয় দেখানো, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। প্রায় ৯ বছর ধরে ইএম বাইপাস লাগোয়া মেট্রোপলিটন এলাকায় আড়াই কাঠা জমির উপরে থাকা তিনতলা বাংলো বাড়ি দখল করে রাখার অভিযোগ উঠেছে অতীন ঘোষের বিরুদ্ধে।
এদিকে কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে এবার জমি জালিয়াতি করার মামলা দায়ের হলো। অতীন ঘোষ-সহ মেয়ে প্রিয়র্দশনী ঘোষ এবং জামাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। সূত্রের খবর, ওই বাড়ি এবং জমির বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। অভিযোগকারিনীর দাবি, ‘আমার বাবা এই প্রপার্টি মেট্রোপলিটনে বানায়। বাবার মৃত্যুর আগে উইল করে এই প্রপার্টি আমাকে দিয়ে যায়। অতীন ঘোষের মেয়ের এই প্রপার্টি দেখে খুব পছন্দ হয়। শান্তিরঞ্জন পাল তাঁদের থেকে কিছু ফেভার পেতে বাড়ি দেখিয়েছিল। মেয়ের বিয়ের পর এখানেই থাকবে বলে জোর করে আমাদের থেকে ওই প্রপার্টি নিয়ে নেওয়া হয়। আমার বাড়িতে এসে অতীন, তাঁর মেয়ে এবং ক্যাডারের লোকজন ভয় দেখায়, থ্রেট করে, সামনে বসিয়ে ডকুমেন্টে সই করিয়ে নিয়ে চলে যায়। ওই নথি আমার ছিল না।’
অন্যদিকে তৃণমূল জমানায় জমি-বাড়ি দখল করা, দুর্নীতি, ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে। থানায় অভিযোগ দায়ের হতেই পুলিশ তদন্তে নেমে একাধিক তৃণমূল নেতাদের গ্রেপ্তার করেছে। আর তা থেকেই তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম থারাপি করা হচ্ছে। এবার দুর্নীতি, জমি-বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে কলকাতার প্রাক্তন বিধায়ক অতীন ঘোষের বিরুদ্ধে। অভিযোগকারী বিধাননগরে বাসিন্দা একজন ব্যবসায়ী। ‘দি শোভরাণী’ নামে তাঁর একটি হোটেলও আছে। অভিযোগকারিণী বলেন, ‘আমাকে বলা হয়, আমাদের এই প্রপার্টি চাই। না দিলেও নেব। আমাদের ক্ষমতা তুমি জানো না। ৫০ লক্ষ টাকা অগ্রিম হিসাবে দেখানো হয়েছিল। জোর করে অ্যাকাউন্টে দিয়ে দেয়। টাকা ফেরত দিই সুদ-সহ। কিন্তু ওই টাকা না নিয়ে আমার অ্যাকাউন্টটা ফ্রডিউল্যান্ট অ্যাক্টিভিটি দেখিয়ে ব্লক করিয়ে দেয়।’
তাছাড়া কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কলকাতার প্রগতি ময়দান থানায় অভিযোগ জমা পড়েছিল বলে সূত্রের খবর। আর অভিযোগকারীর দাবি, তাঁর কাছ থেকে জোর করে বাড়ি-জমি কম টাকায় হাতিয়ে নেওয়া হয়েছিল। কলকাতা পুলিশ ওই মামলা বিধাননগর উত্তর থানায় পাঠিয়ে দেয়। এই বিষয়ে অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষের দাবি, ‘আমার বাবার ৫০ বছরের রাজনৈতিক জীবনে কেউ কাদা লাগাতে পারেনি। একজন মেয়ে ও তাঁর মা প্রতারণা করে নানারকম প্রপার্টি ভুয়ো নথি দিয়ে বিক্রি করে বেড়াচ্ছে। যাতে তাঁর বাবার আগের পক্ষের সন্তানদের ভাগ না দিতে হয়। তার দায় তো আমরা নেব না। এবার আমি মানহানির মামলা করব।’




