• facebook
  • twitter
  • youtube
Tuesday, 30 June, 2026

গ্রেপ্তারি এড়াতে আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

অভিযোগকারী এক হোটেল ব্যবসায়ীর দাবি, বাজার দরের তুলনায় অনেক কম অর্থ দিয়ে চাপ সৃষ্টি করে তাঁর সম্পত্তি দখল করা হয়েছে। এই ঘটনায় প্রায় ৫০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগও আনা হয়েছে।

গ্রেপ্তারি এড়াতে আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

জমি দখল ও প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়ালেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। গ্রেপ্তারি এড়াতে তিনি মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। এদিন বিচারপতি শুভ্রা ঘোষ অতীন ঘোষকে আবেদন দায়ের করার অনুমতি দিয়েছেন। আদালত সূত্রের খবর, চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে।

প্রাক্তন ডেপুটি মেয়রের বিরুদ্ধে অভিযোগ, জোর করে একটি সম্পত্তি দখল এবং তারপর প্রতারণার ঘটনায় অতীন ঘোষের বিরুদ্ধে প্রগতি ময়দান থানায় এফআইআর দায়ের হয়েছে। পরে তদন্তের দায়িত্ব বিধাননগর উত্তর থানার কাছে যায়।

পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ২৪ জুন অতীন ঘোষ এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে তদন্তে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছিল। অভিযোগকারী এক হোটেল ব্যবসায়ীর দাবি, বাজার দরের তুলনায় অনেক কম অর্থ দিয়ে চাপ সৃষ্টি করে তাঁর সম্পত্তি দখল করা হয়েছে। এই ঘটনায় প্রায় ৫০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগও আনা হয়েছে।

তবে অতীন ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, অভিযোগকারীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তাঁর দাবি, অভিযোগকারীর কাছ থেকে তাঁর কন্যা আইন মেনে একটি সম্পত্তি কিনেছিলেন। অতীন ঘোষ বলেছেন, ‘আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনে কেউ দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি। তদন্তের স্বার্থে পুলিশ ডাকলে আমি পূর্ণ সহযোগিতা করব।’

অন্যদিকে, অতীন কন্যা প্রিয়দর্শিনী ঘোষও আদালতে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। প্রিয়দর্শিনীর কথায়, ‘যাঁরা অভিযোগ করেছেন, তাঁরাই আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। সমস্ত নথি আমাদের কাছে রয়েছে।’ এর পাশাপাশি, মিথ্যা অভিযোগের জেরে অভিযোগকারীদের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরেরও তিনি ইঙ্গিত দিয়েছেন।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহল এবং প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। মামলার পরবর্তী শুনানিতে আদালতের পর্যবেক্ষণ এবং তদন্তের অগ্রগতি এখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।