সোমবার থেকে শুরু হচ্ছে ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার জন্য কলকাতা পুলিশ চালু করল হেল্পলাইন। ছাত্র-ছাত্রীরা পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় কোনও অসুবিধায় পড়লে ওই হেল্পলাইনে ফোন করতে পারবে। আর সাহায্যের ফোন পেলেই পৌঁছে যাবেন পুলিশকর্মীরা। ৯৪৩২৬১০০৩৯ নম্বরে ফোন করলে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যাবেন পুলিশকর্মী ও অফিসাররা, তাঁদের কাছ থেকে সহযোগিতা মিলবে। শুধু হেল্পলাইন নয়, শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে থাকবে অ্যাম্বুল্যান্স। কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াই লক্ষ্য।
কলকাতা পুলিশের হেল্পলাইনের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১৫টি বিভিন্ন রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চলবে মাধ্যমিক পরীক্ষার ৮দিন। ফলে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে অন্তত চিন্তা করতে হবে না পরীক্ষার্থী বা অভিভাবকদের। অটোরিকশা, ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব চালকরা জানিয়েছেন, রাস্তায় পরীক্ষার্থীরা সমস্যায় পড়লে তাদের দ্রুত ও নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে সহযোগিতা করা হবে।
Advertisement
লালবাজার সূত্রে খবর, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন থানা ও ট্র্যাফিক গার্ডগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। রাস্তায় কোনও কারণে দেরি হলে পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড বাড়িতে ভুলে ফেলে এলেও পুলিশ সহযোগিতার হাত বাড়াবে বলে লালবাজার সূত্রে খবর।
Advertisement
সোমবার থেকে শুরু হবে এবছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ তারিখ। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ থেকে। শেষ হবে দুপুর ২টোয়। সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলোয় এই সময়ে এমনিতে পথঘাটে বেশ যানজট থাকে। তা এড়িয়ে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো বেশ উদ্বেগজনক। পড়ুয়াদের পাশে থাকতে হেল্পলাইন চালু করেছে কলকাতা পুলিশ।
Advertisement



