রাজ্য বাজেটে পুলিশের বরাদ্দ নিয়ে খুশির হাওয়া কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে। শীর্ষ থেকে নিম্ন সব আধিকারিকদের মুখে একই কথা, যা পারেনি তৃণমূল সরকার সেটাই করে দেখালেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবারই ২০২৬-২০২৭ আর্থিক বর্ষের রাজ্য বাজেট পেশ হয়েছে। সেই বাজেটে এই রাজ্যের পুলিশ বাহিনীর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এর মধ্যে উল্লেখযোগ্য হল ২০ হাজার পুলিশ কর্মী নিয়োগের প্রস্তাব। এমনিতেই বিগত ১৫ বছরে পুলিশে কর্মীর সংখ্যা কমেছে। সেই সব শূন্য পদে কর্মী নিয়োগ হলে চাপ কমবে কলকাতা ও রাজ্য পুলিশের বর্তমান কর্মীদের। কুড়ি হাজার কর্মীর মধ্যে ৩৩ শতাংশ বরাদ্দ থাকছে মহিলা পুলিশ কর্মীদের জন্য। এমনটাই ঘোষণা রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। অন্যদিকে, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ করা হবে এক হাজার কর্মীকে।
লালবাজারের এক শীর্ষকর্তা বলেন, ‘শুভেন্দু অধিকারীর সরকার অসাধারণ বাজেট করেছেন। এই বাজেটের বিরোধিতা করার কোনও সুযোগই নেই। সবার ভাল হবে এই বাজেটে।’
এদিন রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীদেরও ২০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই সিদ্ধান্তে আরও খুশি পুলিশ মহল। লালবাজারের এক পুলিশ কর্মী এদিন বলেন, ‘আমরা ভেবেছিলাম ১৫ শতাংশ বাড়বে। কিন্তু বাড়ল ২০ শতাংশ। আগের সরকার হলে হয়তো ৫ শতাংশ বাড়ত।’
চলতি বছরের আগস্ট মাস থেকে সিভিক ভলান্টিয়ার, গ্রাম পুলিশ ও গ্রিন পুলিশদের মাসিক ভাতা আরও দু’হাজার টাকা করে বাড়ছে। তাতেও খুশি সিভিক ভল্যান্টিয়াররা। সিভিক ভলান্টিয়ার অনির্বাণ দত্ত বলেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের কথা ভেবেছেন। তার জন্য তাঁকে অনেক ধন্যবাদ।’




