আলিপুরদুয়ারে অন্যতম পর্যটনকেন্দ্র বক্সা পাহাড়ের লেপচাখা পর্যটকদের রাত্রিযাপনের সবথেকে প্রিয় জায়গা। সারাদিন সেই জায়গা ঘুরে বহু পর্যটকই সেখানে রাত কাটাতে ভালোবাসেন। এবার সেখানে রাত্রিযাপন বন্ধ করতে চলেছে বন দপ্তর। এবার থেকে পর্যটকরা সেখানে সারাদিন ঘুরতে পারবেন। তবে বিকেলের মধ্যে পাহাড় থেকে পর্যটকদের নেমে আসতে হবে। অর্থাৎ সেখানে পর্যটকরা রাত কাটাতে পারবেন না।
জানা গিয়েছে, বনকর্তারা দ্রুতই লেপচাখায় এই নিয়ম কার্যকর করতে চলেছে। বনদপ্তর সূত্রের খবর, জয়ন্তী গ্রাম স্থানান্তর করার পরে সেখানে পর্যটকদের থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানেও পর্যটকদের থাকতে দেওয়া হবে না। অন্যদিকে, বক্সায় বাঘ ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাঘ ছাড়ার আগে লেপচাখার বাসিন্দাদের জানিয়ে দেওয়া হবে। পর্যটকদের সুরক্ষার দিকটাও গুরুত্ব সহকারে দেখছে বনদপ্তর।
লেপচাখায় অনেক পর্যটকই রাত্রিযাপন করে থাকেন। সেখানকার স্থানীয় বাসিন্দাদের অনেকেই পর্যটন থেকে উপার্জন করে থাকেন। লেপচাখায় অনেক হোমস্টেও নির্মাণ করা হয়েছে। এর মধ্যে হঠাৎ করে সেখানে পর্যটকদের রাত্রিযাপন বন্ধ হয়ে গেলে লেপচাখার বাসিন্দাদের উপার্জনে ক্ষতি হবে। সেখানকার একজন স্থানীয় বাসিন্দা তথা হোমস্টের মালিক জানিয়েছেন, বন দপ্তরের তরফ থেকে তাদের কাছে এখনও পর্যন্ত কোনও খবর আসেনি। তাই এখনই হোমস্টে বন্ধ হওয়ার কোনও কারণ নেই। বন দপ্তরের তরফ থেকে তাদের কিছু জানালে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
এদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের এক শীর্ষ বনকর্তা বলেন, ‘লেপচাখা বক্সা টাইগার রিজার্ভের কোর এলাকায় অবস্থিত। ন্যাশানাল গ্রিন ট্রাইবিউনালের গাইডলাইন অনুযায়ী কোর এলাকায় পর্যটকরা রাতে থাকতে পারবে না। সেই নিয়মই এখন কার্যকর করার কথা ভাবা হচ্ছে।’




