• facebook
  • twitter
  • youtube
Monday, 27 July, 2026

মানব পাচার মামলার তদন্তে দুর্গাপুরে এনআইএ-র তল্লাশি, ঘিরে রাখা হয়েছে এলাকা

জানা গিয়েছে, আন্তর্জাতিক মানব পাচার চক্রের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হাতে পাওয়ার পরই ওই ঠিকানায় পৌঁছয় এনআইএ-র বিশেষ দল। সংস্থার সদর দপ্তর থেকে আসা তদন্তকারী আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন

মানব পাচার মামলার তদন্তে দুর্গাপুরে এনআইএ-র তল্লাশি, ঘিরে রাখা হয়েছে এলাকা

Image: ANI

সোমবার ভোর থেকেই চলছে এনআইএ-এর তল্লাশি অভিযান। এদিনে ভোরে দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকায় গোলাম রব্বানি নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। তবে ওই ব্যক্তি বাড়িতে আছেন কি না তা জানা যায়নি। অভিযানের সময় গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়।

জানা গিয়েছে, আন্তর্জাতিক মানব পাচার চক্রের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হাতে পাওয়ার পরই ওই ঠিকানায় পৌঁছয় এনআইএ-র বিশেষ দল। সংস্থার সদর দপ্তর থেকে আসা তদন্তকারী আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন।

সূত্রের খবর, প্রায় তিন বছর আগে বিহারের মুজফফরপুর থেকে দুর্গাপুরে এসে বসবাস শুরু করেন গোলাম রব্বানি। এই মামলার সূত্র ধরে তাঁর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

মানব পাচার সংক্রান্ত মামলায় পশ্চিমবঙ্গে এনআইএ-র অভিযান নতুন নয়। এর আগে উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছিল সংস্থাটি। সেই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ এবং প্রায় ৫ হাজার মার্কিন ডলার উদ্ধার হয়েছিল।

শুধু পশ্চিমবঙ্গ নয়, এই মামলার তদন্তে আসাম, কর্ণাটক, ত্রিপুরা, তামিলনাড়ু এ রাজস্থান-সহ একাধিক রাজ্যেও অভিযান চালিয়েছে এনআইএ। তদন্তে ইতিমধ্যেই প্রায় ৫০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়ছে। এবার সেই তদন্তের ধারাবাহিকতায় ফের বাংলার কিছু এলাকা এনআইএ-র নজরে এসেছে।