• facebook
  • twitter
Tuesday, 7 April, 2026

রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

মুর্শিদাবাদে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে—মোট প্রায় ৭ লক্ষ ৪৮ হাজারের বেশি

প্রতিনিধিত্বমূলক চিত্র

পশ্চিমবঙ্গে সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে।  নির্বাচন কমিশন সোমবার গভীর রাতে জেলা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করে। এই পরিসংখ্যান অনুযায়ী, মোট বাদ পড়া ভোটারের সংখ্যা ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫-এ পৌঁছেছে, যা ৯১ লক্ষের কাছাকাছি।

কমিশনের তথ্য বলছে, মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনাধীন তালিকায় রাখা হয়েছিল। তাঁদের মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে, আর ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে প্রায় ২২ হাজার ১৬৩ জন ভোটারের তথ্য এখনও সম্পূর্ণ প্রক্রিয়াভুক্ত হয়নি, কারণ সেগুলিতে ই-স্বাক্ষর বাকি রয়েছে। এই প্রক্রিয়া শেষ হলে চূড়ান্ত তালিকায় কিছু পরিবর্তন হতে পারে।

Advertisement

এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন শুরু হওয়ার আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষের বেশি। পরে খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়ে। এরপর ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় আরও প্রায় ৫ লক্ষ ৪৬ হাজার নাম বাদ যায়। সব মিলিয়ে সংশোধনের বিভিন্ন ধাপে বাদ পড়া নামের সংখ্যা ক্রমশ বেড়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে।

Advertisement

জেলা অনুযায়ী বিশ্লেষণে দেখা যাচ্ছে, মুর্শিদাবাদে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে—মোট প্রায় ৭ লক্ষ ৪৮ হাজারের বেশি। উত্তর ২৪ পরগনায় এই সংখ্যা ১২ লক্ষ ৬০ হাজার ছাড়িয়েছে। মালদহ জেলায় প্রায় ৪ লক্ষ ৫৯ হাজার নাম বাদ পড়েছে। কলকাতা দক্ষিণে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা প্রায় ২ লক্ষ ৪৯ হাজার, আর কলকাতা উত্তরে তা ৪ লক্ষ ৪৭ হাজারের বেশি। পূর্ব মেদিনীপুরেও প্রায় ১ লক্ষ ৬৫ হাজার নাম তালিকা থেকে বাদ গেছে।

Advertisement