ভিনরাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের। এবার ঘটনাটি ঘটেছে চেন্নাইতে। মৃত যুবকের নাম বাপ্পা শেখ (২৩)। তাঁর বাড়ি বীরভূম জেলার কীর্ণাহার থানার কাফেরপুর গ্রামে। আকস্মিক এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমেছে, পাশাপাশি উঠছে একাধিক প্রশ্ন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোটোবেলায় মা-বাবাকে হারিয়েছেন বাপ্পা। দাদুর কাছেই বড় হয়ে উঠেছেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। প্রায় নয় মাস আগে চেন্নাইয়ের মানিবক্কম এলাকায় রাজমিস্ত্রির কাজে যোগ দেন তিনি। শনিবার রাতে কাজ সেরে খাওয়াদাওয়ার পর সংস্থার গাড়ি থেকে কিছু সামগ্রী নামান বাপ্পা। রাত প্রায় ১২টা নাগাদ আচমকাই অসুস্থ বোধ করতে শুরু করেন।
মাথা ঘোরা ও বমির উপসর্গ দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই তাঁর হাত-পা শক্ত হয়ে যায় বলে সহকর্মীরা জানিয়েছেন। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় স্থানীয় থানায় খবর দেওয়া হয়েছে। গভীর রাতে মৃত্যুসংবাদ পৌঁছয় কাফেরপুরে। শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা এই মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। স্বাভাবিক অসুস্থতা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সপ্তাহখানেক আগে একই থানার পাশের নিমড়া গ্রামের এক পরিযায়ী শ্রমিকেরও চেন্নাইয়ে মৃত্যু হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে একই অঞ্চলের দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তের দাবি তুলেছেন পরিবারের সদস্যরা।