• facebook
  • twitter
Sunday, 15 February, 2026

তারেক রহমানের শপথগ্রহণে ভারতের প্রতিনিধি স্পিকার ওম বিড়লা

রবিবার বিকেলে বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করেছে। তাতে জানানো হয়েছে মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ওম বিড়লা

১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে নির্ধারিত সূচি অনুযায়ী একই দিনে ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট থাকায় শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে পারছেন না প্রধানমন্ত্রী মোদী। তাঁর পরিবর্তে শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

সূত্রের খবর, শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানান। তবে ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি দিল্লি ও মুম্বইয়ে ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট আয়োজন করেছে ভারত। ওই শীর্ষ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ, সংযুক্ত আরব আমিরশাহীর যুবরাজ শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান-সহ ২০টি দেশের শীর্ষ নেতারা অংশ নেবেন। ওই সম্মেলনের পাশাপাশি নরেন্দ্র মোদীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করতে পারবেন না বলে খবর। তার বদলে যাবেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

Advertisement

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী শিবিরের একাংশ। রবিবার একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে কিরেন রিজিজু জানিয়েছেন, ৯ মার্চ স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে লোকসভায় আলোচনা হতে পারে। আর তাঁকেই বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণে প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। লোকসভার স্পিকারকে পাঠিয়ে বিরোধী দলগুলিকে মোদী সরকার বার্তা দিতে চাইছে বলে মত অনেকের।

Advertisement

রবিবার বিকেলে বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করেছে। তাতে জানানো হয়েছে মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ওম বিড়লা। বিবৃতিতে ভারত-বাংলাদেশ বন্ধুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দুই দেশের দায়বদ্ধতার কথা বলা হয়েছে।

১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টায় সে দেশের জাতীয় সংসদের নির্বাচিত সদস্যেরা শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাতে পারেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার। বিএনপি জানিয়েছে, বেলা সাড়ে ১১টা বা দুপুর ১২টার দিকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ নতুন মন্ত্রীসভার সদস্যেরা শপথ নেবেন।

 

 

 

Advertisement