ভোটের উৎসবে শামিল হতে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরছিলেন এক পরিযায়ী শ্রমিক। কিন্তু সেই ফেরা আর হল না। পথেই অস্বাভাবিক মৃত্যু হল মুর্শিদাবাদের যুবক নূর হাবিবের। ঘটনাটি ঘটেছে বর্ধমান এলাকায়, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, নূর হাবিবের বাড়ি রঘুনাথগঞ্জের কাশিয়াডাঙা পঞ্চায়েতের হাতিবান্ধা গ্রামে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে ভিনরাজ্যে কাজ করছিলেন। বর্তমানে তিনি রাঁচিতে রাজমিস্ত্রীর কাজ করছিলেন।
মুর্শিদাবাদে ভোট থাকায় বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তিনি।বাস ও ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় দ্রুত ফেরার জন্য এক বন্ধুর মোটরবাইকে চেপে রওনা দেন নূর। বন্ধুই বাইক চালাচ্ছিলেন, আর তিনি পিছনে বসেছিলেন। অভিযোগ, গভীর রাতে চলন্ত বাইক থেকে হঠাৎ পড়ে যান নূর হাবিব। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
Advertisement
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দীর্ঘ যাত্রার ক্লান্তিতে হয়তো তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং অসাবধানতাবশত বাইক থেকে পড়ে যান। যদিও অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
Advertisement
এই মর্মান্তিক ঘটনার খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে। নূরের পরিবারে রয়েছেন স্ত্রী ও তাঁর তিন সন্তান। হঠাৎ এই মৃত্যুর ফলে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এলাকার বাসিন্দারাও শোকে স্তব্ধ। ভোটের আগে বাড়ি ফেরার তাগিদে এক শ্রমিকের এমন করুণ পরিণতি আবারও তুলে ধরল পরিযায়ী জীবনের কঠিন বাস্তবতা।
Advertisement



