• facebook
  • twitter
  • youtube
Monday, 16 November, 2026

ষষ্ঠীতেই চন্দননগরে বন্ধ হয়ে গেল মণ্ডপ, রোবট হাতিতে উন্মাদনা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

তাছাড়া এবার প্রথম চন্নদননগরের জগদ্ধাত্রী পুজোর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রায় তিন হাজার রাজ্য পুলিশের

ষষ্ঠীতেই চন্দননগরে বন্ধ হয়ে গেল মণ্ডপ, রোবট হাতিতে উন্মাদনা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

Jagatdhatri Puja Chandannagar Photo-SNS

রবিবার ছিল ষষ্ঠী। তাই বেলা যত গড়িয়েছে পাল্লা দিয়ে তত বেড়েছে ভিড়। সন্ধ্যা নামার পর চন্দননগরের সব রাস্তাই দর্শনার্থীদের দখলে। আট থেকে আশি মেতেছে আলোর রোশনাইয়ে। গোটা শহর সেজে উঠেছে আলোর মালায়। নানা প্রান্ত থেকে মানুষ এসেছেন জগদ্ধাত্রী দর্শন করতে। কলকাতা বা দূরের জেলার মানুষও দিনটি উপভোগ করতে ছুটে এসেছেন আলোর শহরে। এবার জগদ্ধাত্রী পুজোতে কড়া প্রশাসন। ষষ্ঠীর সন্ধ্যায় ভিড়ের চাপে মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। কারণ চোরবাগানের মতো ঘটনা আর একটা ঘটুক চায় না প্রশাসন।

এই ঘটনার কথা সামনে আসতেই জোর চর্চা শুরু হয়েছে। এখানে খুদে দর্শকদের মন জয় করেছে উত্তরাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপ। এবার তাদের হীরক জয়ন্তী বর্ষ। তাদের পুজোর থিম কেরালার ‘ওনাম উৎসব’। মণ্ডপের প্রবেশদ্বারে আছে রোবট গজরাজ। দু’টি সাদা দাঁত নিয়ে শুঁড় ও মাথা নাড়াচ্ছে যান্ত্রিক হাতি। চোখের পাতাও পড়ছে তার। অবিকল আসল হাতির মতো। এই গজরাজই মন কেড়েছে খুদে দর্শকদের। এই আবহে রবিবার সন্ধ্যায় জনপ্লাবনের ছবি চোখে পড়ে এখানে। রাত ৮টার পর ভিড় বাড়তে শুরু করে নানা মণ্ডপে। অতিরিক্ত ভিড় এবং ভিআইপি কনভয় ঢোকার জেরে তৈরি হয় হুড়োহুড়ি। বড় দুর্ঘটনা এড়াতে তাই রাত ৮টা থেকে মানকুন্ডু সার্কাস মাঠ সংলগ্ন পুজো মণ্ডপ বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, ষষ্ঠীর সন্ধ্যা থেকেই মানকুন্ডু স্টেশন রোড এবং সার্কাস মাঠ চত্বরে ব্যাপক দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যায়। সন্ধ্যা নামার পর সেই ভিড় রীতিমতো জনপ্লাবনের চেহারা নেয়। এদিন মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ পরিদর্শনে আসেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাঁর সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং দীপাঞ্জন গুহ-সহ অন্যান্য নেতারা। নেতাদের কনভয় মণ্ডপ চত্বরে প্রবেশ করতেই প্রবল বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। তড়িঘড়ি ভিড় সামাল দিতে কড়া পদক্ষেপ করে প্রশাসন। মণ্ডপ এবং প্রতিমা দর্শন তখন বাধ্য হয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

তাছাড়া এবার প্রথম চন্নদননগরের জগদ্ধাত্রী পুজোর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রায় তিন হাজার রাজ্য পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে আছে ছয় কোম্পানি আধা সামরিক বাহিনী। বিধানসভা নির্বাচনের সময় থেকেই ছয় কোম্পানি আধা সামরিক বাহিনী রাজ্যে আছে। তাদেরই জগদ্ধাত্রী পুজোর নিরাপত্তার কাজে মোতায়েন করা হয়েছে। চন্দননগর এবং ভদ্রেশ্বরের পুজোগুলিকে পাঁচটি জোনে ভাগ করা হয়েছে। ১১টি সেক্টরের দায়িত্বে আছেন ডিসিপি এবং এসিপি পদমর্যাদার অফিসাররা।