• facebook
  • twitter
  • youtube
Saturday, 14 November, 2026

সাড়ে ৩৫০ বছরের ঐতিহ্য, হিরে-সোনা-রুপোয় সাজেন দেবী! চন্দননগরের আদিমার পুজোর ইতিহাস জানেন?

দুর্গাপুজো শেষ। কৈলাসে ফিরে গিয়েছেন উমা। তবে বাঙালির উৎসবের মরসুম কিন্তু এখানেই শেষ নয়। দুর্গাপুজোর পর মর্ত্যে ফেরেন দেবী,

সাড়ে ৩৫০ বছরের ঐতিহ্য, হিরে-সোনা-রুপোয় সাজেন দেবী! চন্দননগরের আদিমার পুজোর ইতিহাস জানেন?

দুর্গাপুজো শেষ। কৈলাসে ফিরে গিয়েছেন উমা। তবে বাঙালির উৎসবের মরসুম কিন্তু এখানেই শেষ নয়। দুর্গাপুজোর পর মর্ত্যে ফেরেন দেবী, তবে অন্য রূপে। তিনি জগদ্ধাত্রী। আর জগদ্ধাত্রী পুজোর কথা উঠলেই সবার আগে মনে পড়ে হুগলির চন্দননগরের কথা। আলোর রোশনাই, বিশাল প্রতিমা আর ঐতিহ্যবাহী পুজোর জন্য চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুধু বাংলায় নয়, দেশ-বিদেশেও পরিচিত। কিন্তু এই শহরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাস বলতে গেলে সবার আগে উঠে আসে একটি নাম—আদিমা।

চন্দননগরের চাউলপট্টিতে আয়োজিত এই পুজোই শহরের প্রাচীনতম জগদ্ধাত্রী পুজো হিসেবে পরিচিত। কথিত আছে, প্রায় সাড়ে তিনশো বছর আগে এই পুজোর সূচনা হয়েছিল। সেই সূত্রেই দেবীর নাম ‘আদিমা’। এ বছরও ঐতিহ্য মেনে ধুমধাম করে আয়োজিত হয়েছে পুজো। আদিমার পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কীভাবে শুরু হয়েছিল আদিমার পুজো?

প্রচলিত কাহিনি অনুযায়ী, চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। তিনি ফরাসি সরকারের দেওয়ান ছিলেন। কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে জগদ্ধাত্রী পুজো দেখে অনুপ্রাণিত হন তিনি। এরপর চন্দননগরেও দেবীর আরাধনা শুরু করার উদ্যোগ নেন। তবে তার জন্য প্রয়োজন ছিল ফরাসি প্রশাসনের অনুমতি। অনুমতি মেলার পর লক্ষ্মীগঞ্জের চাউলপট্টিতে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। সেই থেকেই পরিচিতি পায় আদিমার পুজো নামে।

যদিও এই পুজোর সূচনা নিয়ে অন্য মতও প্রচলিত রয়েছে। অনেকের বিশ্বাস, স্বপ্নাদেশ পেয়েই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী।

পুজোর রীতিতেও রয়েছে বিশেষত্ব

আদিমার পুজোয় বেশ কিছু নিজস্ব রীতি প্রচলিত রয়েছে। এখানে মূলত পুরুষরাই পুজোর যাবতীয় আচার-অনুষ্ঠান পরিচালনা করেন। দেবীকে বরণ করা থেকে শুরু করে পুজো এবং বিসর্জন—সব দায়িত্বই সামলান তাঁরা। সপ্তমী থেকে নবমী পর্যন্ত দেবীকে নিরামিষ ভোগ নিবেদন করা হয়। পাশাপাশি, এই পুজোয় বলিপ্রথাও প্রচলিত রয়েছে।

প্রতিমার গঠনেও রয়েছে স্বাতন্ত্র্য। সাধারণত জগদ্ধাত্রী প্রতিমার ডান দিকে হাতির অবস্থান দেখা যায়। কিন্তু আদিমার ক্ষেত্রে হাতিটি থাকে বাঁ দিকে। দেবীর বাহন সিংহের রংও অন্যদের থেকে আলাদা। এখানে সিংহের রং সাদা।

হিরে, সোনা, রুপোর গয়নায় সাজেন দেবী

আদিমার পুজোর অন্যতম আকর্ষণ দেবীর অপরূপ সাজ। ভক্তদের মানত পূরণ হলে তাঁরা দেবীকে নানা অলঙ্কার উপহার দেন। সেই অলঙ্কারেই পুজোর চার দিন সেজে ওঠেন মা। শুধু হিরে নয়, দেবীর সাজে থাকে প্রায় এক কেজি সোনা এবং ১০ কেজি রুপোর গয়না। মুকুট, গলার হার, কানের দুল থেকে শুরু করে হাতের চাঁদমালা—সবই মূল্যবান ধাতু দিয়ে তৈরি। ভক্তদের দেওয়া বেনারসি শাড়িতেই সাজানো হয় দেবীকে।

পুজোর ভোগ যায় সাধারণ মানুষের কাছে

আদিমার পুজোয় শুধু আচার-অনুষ্ঠান কিংবা জাঁকজমক নয়, বিশেষ গুরুত্ব রয়েছে মানুষের সেবারও। প্রতি বছর পুজোর সময় এক হাজার বেলপাতা দিয়ে হোম করা হয়। সপ্তমী থেকে নবমী পর্যন্ত বিপুল পরিমাণ ভোগ রান্না করা হয়। প্রতিদিন প্রায় ২০০ থেকে ৪০০ কেজি ভোগ তৈরি হয়, যা আগত সমস্ত পুণ্যার্থীর মধ্যে বিতরণ করা হয়।

পুজো শেষে দেবীর উদ্দেশে নিবেদিত সামগ্রীও গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। মাকে দেওয়া শাড়ি পান দুঃস্থ মহিলারা। এমনকী, আদিমাকে উৎসর্গ করা বেনারসি শাড়ি পরেই বিয়ে হয় বহু দুঃস্থ পরিবারের মেয়ের। পুজোয় পাওয়া ফল নিয়ে যাওয়া হয় চন্দননগরের হাসপাতালে। সেখানে রোগীদের মধ্যে তা বিতরণ করা হয়।

প্রাচীন ঐতিহ্য, নিজস্ব পুজোর রীতি, অপরূপ প্রতিমা এবং মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ—সব মিলিয়ে চন্দননগরের আদিমা আজও ভক্তদের কাছে বিশেষ আকর্ষণ। তাই জগদ্ধাত্রী পুজোর চার দিন দূরদূরান্ত থেকে অগণিত মানুষ ভিড় জমান চাউলপট্টিতে।