• facebook
  • twitter
  • youtube
Saturday, 24 October, 2026

সম্পত্তি নিয়ে অশান্তি, দাদাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি

মঙ্গলবার সন্ধ্যায় পার্ক স্ট্রিট এলাকায় ঘটনাটি ঘটেছে

সম্পত্তি নিয়ে অশান্তি, দাদাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি

Bankura Double Murder Photo-Representative

সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে ভাইকে খুনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় পার্ক স্ট্রিট এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। বুধবার মৃতদেহের ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
মৃতের নাম নীরজ জয়সওয়াল (৫৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়সওয়ালরা ৩ ভাই। দুই ভাই থাকেন পার্ক স্ট্রিটের বাড়িতে। সবার বড় ভাই নীরজের বাড়ি চালতাবাগান এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় নীরজ পার্ক স্ট্রিটের বাড়িতে গিয়েছিলেন। তাঁর এক ভাই অসুস্থ। তাঁকে দেখতেই মূলত পার্ক স্ট্রিটের বাড়িতে নীরজ এসেছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। কিন্তু তাঁর অন্য এক ভাই ধীরজ জয়সওয়ালের সন্দেহ হয়, তিনি সম্পত্তির ভাগাভাগি নিয়ে কথাবার্তা বলতে এসেছেন।
সেই নিয়ে দুই ভাই নীরজ ও ধীরজের মধ্যে বচসা শুরু হয়। দুজনেই উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। পরে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন দুজনে। ধীরজের ধাক্কায় ইটের উপরে পড়ে গিয়ে মাথা ফেটে যায় নীরজের। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
নীরজের মৃত্যুর পর তাঁর ছেলে কাকা ধীরজের নাম লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ধীরজকে পার্ক স্ট্রিট থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরার সময় নিজের দোষ স্বীকার করেন অভিযুক্ত। এরপর তাঁকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক দল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।