• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

পিছিয়ে গেল উত্তরবঙ্গে মমতার ভোটপ্রচার

একদিন পিছিয়ে অর্থাৎ ২৫ মার্চ থেকেই উত্তরবঙ্গ সফর শুরু করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

পিছিয়ে গেল উত্তরবঙ্গে মমতার ভোটপ্রচার

প্রতিনিধিত্বমূলক চিত্র

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সূচিতে বড়সড় বাধা হয়ে দাঁড়াল আবহাওয়া। আগামী ২৪ মার্চ, মঙ্গলবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে তাঁর নির্বাচনী প্রচার শুরু হওয়ার কথা ছিল। একই দিনে ময়নাগুড়ি ও মাটিগাড়াতেও জনসভার পরিকল্পনা ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সেই সমস্ত কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ২৪ মার্চ একটি বড় জনসভার আয়োজন করা হয়েছিল, যা থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করার কথা ছিল নেত্রীর। তবে খারাপ আবহাওয়ার পূর্বাভাসের জেরে নিরাপত্তা ও জনসাধারণের স্বার্থে এই সভা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ এবং তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। তাঁদের বক্তব্য, নতুন দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।

যদিও দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে, একদিন পিছিয়ে অর্থাৎ ২৫ মার্চ থেকেই উত্তরবঙ্গ সফর শুরু করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে দুর্যোগ পরিস্থিতি এখনই কাটছে না। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 কোথাও কোথাও ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, আবার কিছু এলাকায় তা ২০০ মিলিমিটারও ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে, এরপর বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রতিকূল আবহাওয়ার কারণেই তৃণমূল নেত্রীর গুরুত্বপূর্ণ প্রচার কর্মসূচি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।