• facebook
  • twitter
Friday, 10 April, 2026

বহিরাগত ইস্যুতে তোপ মমতার, কারচুপির আশঙ্কায় বিজেপিকে নিশানা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়েই বিজেপিকে জবাব দিতে হবে’। পাশাপাশি ভবিষ্যতে দিল্লির সরকারকেও টার্গেট করার ইঙ্গিত দেন তিনি।

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের বহিরাগত ইস্যুতে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের তেঁতুলিয়া হাই স্কুলের মাঠে জনসভা থেকে তিনি বিজেপির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন।

সভামঞ্চ থেকে মমতার দাবি, ভোটে অশান্তি ছড়াতে এবং কারচুপি করতে বাইরে থেকে লোক ঢোকানো হচ্ছে। তাঁর অভিযোগ, ‘টাকা, মাদক এবং আগ্নেয়াস্ত্র এনে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে’। এই প্রসঙ্গে তিনি আসামের ভোটের উদাহরণ টেনে বলেন, ‘সেখানে ব্যাপক কারচুপি হয়েছে। উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে প্রায় ৫০ হাজার লোককে এনে ভোট দেওয়ানো হয়েছে।’

Advertisement

তৃণমূল নেত্রীর দাবি, শুধুমাত্র স্থানীয় মানুষ ভোট দিলে বিজেপির জয় সম্ভব নয় বলেই বহিরাগতদের ব্যবহার করা হচ্ছে। একই কৌশল বাংলাতেও প্রয়োগ করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সেই কারণে সাধারণ ভোটার এবং দলীয় কর্মীদের সতর্ক থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এদিন স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীনা মণ্ডলের সমর্থনে প্রচারে গিয়ে তিনি ভোট চুরির অভিযোগও তোলেন। পাশাপাশি ভোটার তালিকা সংশোধন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, বহু মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

একই সময়ে জেলার অন্য প্রান্তে সভা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির ১৫ দফা প্রতিশ্রুতি তুলে ধরেন, যা রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তোলে। বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘এই দল দ্বিচারিতা করছে এবং ধর্মের নামে রাজনীতি করছে’। বসিরহাটের সভা থেকেও তিনি একই সুরে বিজেপির সমালোচনা করেন।

এদিন কাউন্টিং প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর আশঙ্কা, ইচ্ছাকৃতভাবে গণনার গতি ধীর করা বা নির্দিষ্ট এলাকার ফল আগে ঘোষণা করে এজেন্টদের মনোবল ভাঙার চেষ্টা হতে পারে। সেই কারণে দলের এজেন্টদের শেষ পর্যন্ত গণনাকেন্দ্রে থাকার নির্দেশ দেন তিনি।

শেষে রাজ্যের মানুষের উদ্দেশে আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়েই বিজেপিকে জবাব দিতে হবে’। পাশাপাশি ভবিষ্যতে দিল্লির সরকারকেও টার্গেট করার ইঙ্গিত দেন তিনি।

Advertisement