• facebook
  • twitter
Thursday, 30 April, 2026

৮ মে মাধ্যমিকের ফল প্রকাশ, স্বস্তির নিঃশ্বাস পরীক্ষার্থীদের মধ্যে

চলতি বছর প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। নির্ধারিত সময়ের মধ্যেই মূল্যায়নের কাজ শেষ হওয়ায় সময়মতো ফল প্রকাশ করা সম্ভব হয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী ৪ মে রাজ্যের বিধানসভা ভোটের ফলপ্রকাশ। আর ঠিক তার চার দিনের মাথায়, অর্থাৎ আগামী ৮ মে মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে। বৃহস্পতিবার এই ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এসআইআর প্রক্রিয়ার জটিলতা এবং ভোটের ব্যস্ততার মধ্যেও পরীক্ষার ৯০ দিনের মাথায় ফল প্রকাশ করে নজির গড়তে চলেছে পর্ষদ। স্বাভাবিকভাবে এই ঘোষণায় স্বস্তি এনে দিয়েছে পরীক্ষার্থীদের মধ্যেও।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ মে সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন পর্ষদের সভাপতি। এরপর সকাল ১০টা ১৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফল দেখতে পারবে। একই দিনে সকাল সাড়ে ১০টা থেকে ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র বিতরণ শুরু হবে, যা পরে স্কুলগুলির মাধ্যমে পরীক্ষার্থীদের হাতে পৌঁছবে।

Advertisement

পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল। গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রক্রিয়ার কারণে এ বছর পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হয়েছিল। পর্ষদ সূত্রের খবর, পরীক্ষা শেষ হওয়ার পরই দ্রুত উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়। যদিও শিক্ষকদের একটি বড় অংশ এসআইআর প্রক্রিয়া ও নির্বাচনী কাজে যুক্ত থাকায় শুরুতে কিছুটা আশঙ্কা তৈরি হয়েছিল। তবুও নির্ধারিত সময়ের মধ্যে সব খাতা জমা পড়ায় ফল প্রকাশে দেরি হয়নি।

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রধান পরীক্ষক জানিয়েছেন, ‘বিভিন্ন সমস্যার মধ্যেও নির্দিষ্ট সময়ের মধ্যে ফল প্রকাশ করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে।’ শিক্ষামহলের মতে, নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ হওয়ায় পরীক্ষার্থীদের অনিশ্চয়তা অনেকটাই কমবে। এখন ফলের অপেক্ষায় দিন গুনছে লক্ষ লক্ষ পড়ুয়া ও তাঁদের পরিবার।

Advertisement