• facebook
  • twitter
Thursday, 9 April, 2026

প্রয়াত আবু হাসেম খান চৌধুরী

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর

প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও মালদহ দক্ষিণের প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ডালুবাবুর ভাগ্নি মৌসম নুর জানিয়েছেন, অসুস্থতার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ মালদহ জেলা, বিশেষ করে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

১৯৩৮ সালের ১২ জানুয়ারি মালদহের প্রভাবশালী খান চৌধুরী পরিবারে জন্ম তাঁর। দাদা এ.বি.এ গণি খান চৌধুরীর হাত ধরেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। দাদার মৃত্যুর পর মালদহে কংগ্রেস সংগঠনের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত কালিয়াচক বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। এরপর ২০০৯ সাল থেকে টানা মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন।

Advertisement

ইউপিএ-২ সরকারের আমলে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। প্রশাসনিক দক্ষতা ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাঁকে সর্বমহলে জনপ্রিয় করে তুলেছিল। বিধানসভা নির্বাচনের ঠিক আগে তাঁর মৃত্যুতে মালদহের রাজনৈতিক মহলে এক বড় শূন্যতা তৈরি হয়েছে। কোতোয়ালিতে ভিড় জমিয়েছেন অনুগামীরা। রাজনৈতিক মতভেদ ভুলে সকলেই তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

Advertisement

Advertisement