• facebook
  • twitter
  • youtube
Tuesday, 16 June, 2026

‘পাবলিক দারুণ প্র্যাকটিস করে তারপর ছুঁড়ছে’, কুণালের উপর ডিম থেরাপি নিয়ে মন্তব্য দিলীপের

কুণাল ঘোষের সেই ডিম থেরাপির ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। বেলেঘাটার বিধায়ক এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন

নিজস্ব চিত্র

রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের নেতা থেকে কাউন্সিলর-সকলের উপর ডিম থেরাপি শুরু হয়েছে। অর্থাৎ তাঁদের দেখা মাত্রই ডিম ছুঁড়ে মারা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এই কাজ শুরু হয়। সোনারপুরে ডায়মন্ডহারবারের সাংসদের উপর ডিম ছোঁড়া হয়েছিল। তারপর থেকে লাগাতার ডিম ছোঁড়া শুরু হয় তৃণমূলের হেভিওয়েট নেতা থেকে শুরু করে কাউন্সিলরদের। আর সেখানে আপাতত শেষ সংযোজন কুণাল ঘোষ। একদিন আগেই কালীঘাট এলাকায় তাঁকে ডিম ছুঁড়ে মারা হয়। আর এবার তা নিয়ে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

এদিকে কালীঘাটে দলনেত্রীর বাড়ির পথেই বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হয়। আর মঙ্গলবার সকালে কুণাল ঘোষের প্রতি এই ‘ডিম থেরাপি’ নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার প্রাতঃভ্রমণে আসেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। সেখানেই একেবারে নিজস্ব মেজাজে নানা ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মন্ত্রী। সাংবাদিকরা কুণাল ঘোষকে ডিম মারা নিয়ে প্রশ্ন করতেই দিলীপ ঘোষ বলেন, ‘পাবলিক দারুণ প্র্যাকটিস করে তারপর ছুঁড়ছে। যেখানে টিপ করছে সেখানে লাগছে। আমার মনে হয় ওদের অন্য কোথাও অনুশীলন করিয়ে তারপর পাঠানো হচ্ছে। কুণাল ঘোষ জানতেন তিনি ডিম খাবেন। তিনি বলেই গিয়েছিলেন, কালীঘাট যাবেন। কিন্তু উনি কাঁচা ডিম খাবেন ভাবেননি।’

অন্যদিকে কুণাল ঘোষের সেই ডিম থেরাপির ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। বেলেঘাটার বিধায়ক এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন। প্রশ্ন তুলেছিলেন নিরাপত্তা নিয়েও। এমনকী এই ঘটনা নিয়ে মঙ্গলবার ফেসবুক পোস্টও করেছেন তিনি। এই ডিম থেরাপি নিয়ে তৃণমূল কংগ্রেসের এক সাংসদ বিদেশ থেকে প্রতিবাদ করেছেন। আর তা নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘আর একজন সংসদ বিদেশে বসে ভিডিও করে জানাচ্ছেন তাঁকে ডিম মারলে কোর্টে ঘোরানো হবে। উনি একবার এসে দেখুন। ওনার ভাগ্যে কাঁচা না পাকা কোন ডিম অপেক্ষা করছে।’

তাছাড়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি চত্বরে হঠাৎই কালো জামা পরা চন্দন নামের এক যুবক কুণাল ঘোষের কাছে চলে আসেন। তারপরই তাঁর মাথা লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন। ক্ষোভে ফেটে পড়েন বেলেঘাটার বিধায়ক। কুণালের কথায়, ‘এটা কোনও জনরোষ নয়, এটা পুরোপুরি গুন্ডামি এবং মস্তানি। সুপরিকল্পিতভাবে উদ্দেশ্য চরিতার্থ করতেই এই হামলা করা হয়েছে।’ এই ঘটনার পর অভিযুক্ত স্থানীয় যুবক চন্দনের নামে কালীঘাট থানায় এফআইআর করেন কুণাল ঘোষ। মঙ্গলবার কালীঘাট থানার পুলিশ চন্দন কয়াল এবং রবি কয়ালকে গ্রেপ্তার করেছে।