• facebook
  • twitter
  • youtube
Thursday, 17 September, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা শুভেন্দুর, ‘সেবা সংকল্প অভিযান’-এর সূচনা দিলীপের

মোদীর লোকসভা কেন্দ্র কাশী থেকে তাঁর জন্মস্থান গুজরাতের ভাদনগর পর্যন্ত যাবে সেটি। ২৫০টি মোটরবাইকে থাকবেন প্রায় ৫০০ জন লোক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কাশী থেকে নিজেদের যাত্রা শুরু করবেন।

প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা শুভেন্দুর, ‘সেবা সংকল্প অভিযান’-এর সূচনা দিলীপের

PM Modi-CM Suvendu Adhikari Photo-ANI

৭৬-এ পদার্পন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মদিন উপলক্ষে দেশজুড়ে অনেকেই মোদীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এই বিশেষ দিন উপলক্ষ্যে বৃহস্পতিবার বারাণসী থেকে ‘সেবা সংকল্প’ বাইকযাত্রা শুরু হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মেদিনীপুরে একগুচ্ছ সামাজিক কাজে এদিন অংশ নিলেন বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা, ভারতের যশস্বী প্রধানমন্ত্রীকে শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম।’ এই পোস্টের পাশাপাশি তিনি একটি বিশেষ ভিডিও-ও পোস্ট করেছেন। এদিন সকালে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান দিলীপ ঘোষ। সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের হাতে তিনি ফল তুলে দেন।

হাসপাতালের কর্মসূচি শেষ করে মেদিনীপুরের বটতলার চক এলাকায় সাধারণ মানুষের হাতে তিনি মাটির প্রদীপ তুলে দেন। সাধারণ নাগরিক ও দলীয় কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় রাজ্যবাসী যেন বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকে ৭টার মধ্যে নিজ নিজ বাড়িতে শ্রদ্ধার সঙ্গে প্রদীপ জ্বালান।’ এই দিনে সমগ্র রাজ্যজুড়ে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

‘সেবা সংকল্প’ বাইকযাত্রা বৃহস্পতিবার বারাণসী থেকে শুরু হচ্ছে। মোদীর লোকসভা কেন্দ্র কাশী থেকে তাঁর জন্মস্থান গুজরাতের ভাদনগর পর্যন্ত যাবে সেটি। ২৫০টি মোটরবাইকে থাকবেন প্রায় ৫০০ জন লোক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কাশী থেকে নিজেদের যাত্রা শুরু করবেন।

আরও পড়ুন: ২৬ সেপ্টেম্বর সভার অনুমতি, ১০০০ জমায়েতে ছাড়, কালীঘাট তৃণমূলকে শর্ত বেঁধে দিল হাইকোর্ট

‘সেবা সংকল্প অভিযান’ শুধুমাত্র বাইকযাত্রার মধ্যেই আটকে থাকবে না। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে এক মাস ধরে এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। যুবসমাজ, সরকারি প্রকল্পের সুবিধাভোগী এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর কাছে পৌঁছনোর জন্য একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে।