• facebook
  • twitter
Wednesday, 13 May, 2026

বাল্যবিবাহ রুখতে লালবাজার কর্তাদের কড়া নির্দেশ পুলিশ কমিশনারের

নাবালিকা নির্যাতন, বাল্যবিবাহ ও ঝুলে থাকা পকসো মামলায় কড়া অবস্থান নিল কলকাতা পুলিশ। দ্রুত তদন্ত ও কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনার অজয় নন্দের।

প্রতীকী চিত্র

রাজ্যে নতুন সরকার গঠনের পর নাবালিকাদের উপর নির্যাতন, বাল্যবিবাহ এবং দীর্ঘদিন ঝুলে থাকা পকসো মামলাগুলি নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা পুলিশ। মঙ্গলবার আলিপুর বডিগার্ড লাইনে কলকাতার সমস্ত থানার ওসি এবং লালবাজারের শীর্ষ আধিকারিকদের নিয়ে আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠকে পুলিশ কমিশনার অজয় নন্দ স্পষ্ট বার্তা দেন, কোনও রাজনৈতিক পরিচয় বা প্রভাবের দিকে না তাকিয়ে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নিতে হবে।

বৈঠকে পুলিশ কমিশনার রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ টেনে বলেন, যে কলকাতা একসময় সমাজ সংস্কারের পথ দেখিয়েছিল, সেই শহরেই এখনও বাল্যবিবাহের মতো ঘটনা সামনে আসছে, যা অত্যন্ত উদ্বেগের। তাঁর বক্তব্য, বহু ক্ষেত্রে পরিবারের সদস্যরাই নাবালিকাদের বিয়ে দিয়ে দিচ্ছেন। আবার অনেক সময় নাবালিকারা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে। পরে এলাকায় ফিরে এলেও অধিকাংশ পরিবার সেই সম্পর্ক মেনে নিচ্ছে।

Advertisement

পুলিশ কমিশনার জানান, এই ধরনের ঘটনা অধিকাংশ সময় সামনে আসে তখনই, যখন অল্পবয়সি মেয়েদের সন্তানসম্ভবা অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ফলে এই ধরনের ঘটনার বিরুদ্ধে শুরু থেকেই সক্রিয় হতে হবে পুলিশকে।

Advertisement

অজয় নন্দের স্পষ্ট নির্দেশ, কোনও এলাকায় নাবালিকার বিয়ের খবর পেলেই সঙ্গে সঙ্গে তা আটকাতে হবে। যদি পরে এমন বিয়ের ঘটনা সামনে আসে, তাহলে নাবালিকার স্বামী এবং যাঁরা সেই বিয়ে মেনে নিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও পকসো আইন এবং বাল্যবিবাহ রোধ আইনে মামলা দায়ের করতে হবে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরে প্রায় ৩০০টি পকসো মামলার নিষ্পত্তি হয়নি। বহু ক্ষেত্রে এখনও চার্জশিট জমা পড়েনি। তার ফলে অভিযুক্তরা জামিন পেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে তদন্ত দ্রুত শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ আধিকারিকদের।

মহিলা সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রেও দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। তাঁর বক্তব্য, কোনও অভিযোগ জমা পড়ামাত্র তদন্ত শুরু করতে হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। কোনও অভিযোগকে হালকাভাবে নেওয়া যাবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

এছাড়াও রাজনৈতিক সংঘর্ষের ঘটনাগুলিতে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অজয় নন্দ জানান, অপরাধী যে রাজনৈতিক দলেরই সমর্থক হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করতে হবে।

Advertisement