রাজ্যে আসন্ন পুরভোট নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রাই। মঙ্গলবার তিনি জানান, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বরের শেষ সপ্তাহেই হতে পারে কলকাতা পুরসভা এবং হাওড়া পুরসভার ভোট।
মন্ত্রী জানান, হাওড়া পুরসভার সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এই পুনর্বিন্যাসের মাধ্যমে গোটা পুর এলাকাকে ৬০টি ওয়ার্ডে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, ডিলিমিটেশনের কাজ শেষ হলেই নভেম্বরের শেষ দিকে কলকাতা ও হাওড়া দুই পুরসভাতেই ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নতুন পুরবোর্ড গঠনের কাজও সম্পন্ন হবে।
উমেশ রাই আরও জানান, শুধু কলকাতা ও হাওড়াই নয়, রাজ্যের আরও কয়েকটি পুরসভাতেও একই সময়ে নির্বাচন হতে পারে। হাওড়া পুরসভা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে অতীতে তৃণমূল কংগ্রেস পুরসভার এলাকাকে ভাগ করেছিল। যার ফলে প্রশাসনিক জটিলতা তৈরি হয়। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার সমীক্ষা চালিয়ে উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে ৬০টি ওয়ার্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কলকাতা পুরসভার সীমানা পুনর্নির্ধারণের কাজও তাড়াতাড়িই শুরু হবে। উল্লেখ্য, হাওড়া পুরসভার শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। বর্তমানে নির্বাচিত পুরবোর্ড না থাকায় প্রশাসকের মাধ্যমে পুরসভার কাজ পরিচালিত হচ্ছে।




