• facebook
  • twitter
Thursday, 19 February, 2026

বসিরহাট-জঙ্গিপুর-আলিপুরদুয়ারে নতুন পুলিশ সুপার

পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনে বড় রদবদল। বসিরহাট, জঙ্গিপুর ও আলিপুরদুয়ারে নতুন পুলিশ সুপার নিয়োগ করে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা আরও শক্তিশালী করার উদ্যোগ নিল রাজ্য সরকার।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যের পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল করল নবান্ন। জনস্বার্থে একাধিক আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এই বদল কার্যকর হবে সংশ্লিষ্ট আধিকারিকদের নতুন পদে যোগদানের দিন থেকেই।

সরকারি নির্দেশ অনুযায়ী, বর্তমানে আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত খান্ডবাহালে উমেশ গণপতকে উত্তরবঙ্গ গোয়েন্দা শাখার বিশেষ সুপার পদে নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে রাজ্যের গোয়েন্দা শাখার বিশেষ সুপার পদে থাকা আরিশ বিলালকে বসিরহাট পুলিশ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

অন্যদিকে, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ড. হোসেন মেহেদি রহমানকে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। পাশাপাশি জঙ্গিপুর জেলার পুলিশ সুপার শাও কুমার অমিতকে আলিপুরদুয়ার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে।

Advertisement

রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই বদলি সম্পূর্ণভাবে ‘জনস্বার্থে’ করা হয়েছে। প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং জেলার পুলিশি ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দপ্তর সূত্রে খবর।

প্রশাসনিক মহলের মতে, বসিরহাট, জঙ্গিপুর এবং আলিপুরদুয়ার— এই তিনটি জেলার আইন-শৃঙ্খলা ও সীমান্ত সংক্রান্ত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বসিরহাট এবং জঙ্গিপুর এলাকায় সীমান্তবর্তী অঞ্চল থাকায় সেখানে অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বের প্রয়োজন হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের অভিজ্ঞতা সংশ্লিষ্ট জেলার পুলিশি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement