দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সাইয়ের প্রায় ২০০ কোটি টাকার ক্রীড়া পরিকাঠামো প্রকল্প কি অবশেষে বাস্তবের মুখ দেখতে চলেছে? রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে। ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরই সাই কর্তাদের সঙ্গে বৈঠক করেন ইন্দ্রনীল খাঁ। বৈঠক শেষে রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী বাংলার ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
সাইয়ের এই প্রকল্পের বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন প্রাক্তন ভারতীয় পেসার ও বর্তমান কৃষি বিপণন ও বস্ত্র প্রতিমন্ত্রী অশোক দিন্দা। তাঁর দাবি, তৃণমূল সরকারের আমলে বাংলায় একটি বৃহৎ ক্রীড়া প্রকল্প গড়ে তুলতে অন্তত ২৫ একর জমি চেয়েছিল সাই। কিন্তু তৎকালীন মমতা বন্দ্যোপাধ্য়ায় সরকার সাইকে সেই জমি দেয়নি।
প্রয়োজনীয় জমি না পাওয়ায় সাইয়ের সেই পরিকল্পনা আর এগোয়নি। দিন্দার কথায়, সে সময়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে থাকা অনুরাগ ঠাকুরও তাঁকে জানিয়েছিলেন, তৎকালীন তৃণমূল সরকার জমি না দেওয়ার কারণেই প্রকল্পটি আটকে রয়েছে। দিন্দা আরও জানিয়েছেন, ২০২১-এ বিধায়ক হওয়ার পর তিনি সাইয়ের এই প্রকল্পের বিষয়টি জানতে পারেন।
২০২২-এ তিনি বিষয়টি বিধানসভায় উত্থাপনও করেন। তাঁর অভিযোগ, সে সময় প্রকল্পের নথিপত্র পেশ করা হলেও ২০০ কোটি টাকার বরাদ্দের বিষয়টি অস্বীকার করেছিল তৎকালীন রাজ্য সরকার। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে সরব হলে তাঁকে বিধানসভা থেকে সাসপেন্ড করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে দিন্দার অভিযোগ।
নতুন সরকার ক্ষমতায় আসার পর ক্রীড়া দপ্তরের দায়িত্ব পেয়েছেন ইন্দ্রনীল খাঁ। দায়িত্ব নিয়েই তিনি সাইয়ের আধিকারিকদের সঙ্গে একপ্রস্ত আলোচনা করেছেন। বাংলায় এবার ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্প চালু হবে বলেও মন্ত্রী ঘোষণা করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেছেন, পূর্ববর্তী তৃণমূল সরকার কেন্দ্রীয় ক্রীড়া প্রকল্পগুলিকে যথাযথ গুরুত্ব দেয়নি।
তবে সাইয়ের ২০০ কোটির প্রকল্প নিয়ে তিনি সরাসরি কিছু বলেননি। প্রশাসনিক মহলের ধারণা, কলকাতা, বর্ধমান বা পূর্ব মেদিনীপুরের কোনও এলাকায় এই আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে উঠতে পারে।




