মাধ্যমিক পরীক্ষা চলার সময় ভয়াবহ অঘটনের সাক্ষী থাকল কোচবিহারের তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাককাটিগাছ হাইস্কুল। সোমবার স্কুলে মিড ডে মিল রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ব্যাপক আতঙ্ক ছড়ায়। অল্পের জন্য প্রাণরক্ষা হয় প্রায় ২০০ জন মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিষয়টি নজরে আসে মধ্যশিক্ষা পর্ষদেরও। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন পর্ষদের আধিকারিকরা।
স্কুল সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরের দিকে মিড ডে মিলের রান্না চলাকালীন আচমকাই গ্যাসের পাইপে লিক ধরা পড়ে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে গ্যাস সিলিন্ডার দাউদাউ করে জ্বলে ওঠে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত সিলিন্ডারটি রান্নাঘর থেকে বাইরে বের করে আনা হয়। পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সেটিকে স্কুলের মাঠে ফেলে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। কম্পনে কেঁপে ওঠে স্কুল চত্বর ও আশপাশের এলাকা।
Advertisement
বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন পরীক্ষার্থীরা। স্কুলের বাইরে অপেক্ষারত অভিভাবকরাও ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে জড়ো হন। পরে শিক্ষকদের আশ্বাসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং পরীক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে শুরু করে।
Advertisement
এই ঘটনার খবর পৌঁছয় মধ্যশিক্ষা পর্ষদে। পর্ষদের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবার থেকেই শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা, যা চলবে আগামী ১২ তারিখ পর্যন্ত। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুবিধার জন্য রাজ্য সরকার পরিবহন এবং নিরাপত্তা সংক্রান্ত বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে খবর।
Advertisement



