শিশু জন্ম নেওয়ার পর এবার বেসরকারি হাসপাতাল থেকেও বিনামূল্যে টিকা পাওয়া যাবে। বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে শিশুদের টিবি, ডিপথেরিয়া, পোলিও, হেপাটাইটিস বি, রুবেল্লা, মিজলসের মতো একাধিক অসুখের ভ্যাকসিন মিলবে। কোনও বেসরকারি হাসপাতাল যদি ভ্যাকসিন দিতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত আবেদন করতে হবে। সেই আবেদনপত্র খতিয়ে দেখে অনুমোদন দেবে স্বাস্থ্য দপ্তর।
জনস্বাস্থ্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই জানিয়েছেন, বড় বেসরকারি হাসপাতাল ছাড়াও অন্য ছোটো হাসপাতালেও সরকারি টিকাদান প্রোগ্রাম চলতে পারে। ভুলত্রুটি এড়াতে এই নয়া নির্দেশ সাহায্য করবে। এক্ষেত্রে মূলত শিশুদের সুরক্ষা অগ্রাধিকার পেয়েছে। এই সব অসুখের ভ্যাকসিন নেওয়ার পর শিশুদের শরীরে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। সেই সব মোকাবিলা করতে বেসরকারি হাসপাতালের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনও বেসরকারি হাসপাতাল বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিলে ওই হাসপাতালকে কী কী নিয়ম মানতে হবে সেই বিষয়ে একটি বিশেষ এসওপি জারি করেছে স্বাস্থ্য দপ্তর। বিনামূল্যে ভ্যাকসিন দিতে ইচ্ছুক বেসরকারি হাসপাতালগুলিকে একটি ওয়েটিং এরিয়া ও একটি টিকাকরণ কেন্দ্র তৈরি করতে বলা হয়েছে।
Advertisement
টিকা দেওয়ার পর টিকা পরবর্তী পর্যবেক্ষণ কেন্দ্রও তৈরি রাখতে হবে। টিকাকরণ কেন্দ্রের পাশেই থাকবে স্তন্যপান করানোর আলাদ ঘর। সদ্যোজাতকে নিয়ে যাতে প্রসূতির কোনও অসুবিধা না হয় সেই কারণে এই ব্যবস্থা করে রাখতে বলা হয়েছে। যে কোনও বেসরকারি হাসপাতাল সপ্তাহে সর্বোচ্চ দু’দিন টিকাকরণ সেশন করতে পারবে। সম্ভাব্য টিকাগ্রহীতার সংখ্যার বিচার করে দিন নির্ধারণ করবেন সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
Advertisement
উল্লেখ্য, ইউআইপি বা ইন্ডিয়ান ইউনিভার্সাল ইমিউনিজেশন প্রোগ্রামের অধীনে বিনামূল্যে শিশুদের টিবি, ডিপথেরিয়া, পোলিও, হেপাটাইটিস বি, রুবেল্লা, মিজলসের মতো ১২টি অসুখের টিকাকরণ করা হয়। শিশু জন্ম নেওয়ার পর সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল থেকে এই ভ্যাকসিনগুলি বিনামূল্যে পাওয়া যায়। এবার থেকে অনেক বেসরকারি হাসপাতাল থেকেও এই ভ্যাকসিনগুলি পাওয়া যাবে।
Advertisement



