সোমবার সকালে সল্টলেক ইডির দপ্তরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ। ইডির দপ্তরে ঢোকার আগে বিজেপি সরকারের নতুন শপথ নেওয়া মন্ত্রীদের শুভেচ্ছাবার্তা জানান তিনি। তৃণমূলের বিরুদ্ধে জনতার ক্ষোভ প্রসঙ্গে বলেন, কোথায় খামতি রয়েছে তা বোঝা গেলে অনেক কিছুই বদলে যেত।
এর আগে গত ১৫ মে ইডির তলবে সিজিও কমপ্লেক্স গিয়েছিলেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ।তারপর গত সোমবার ২৫ মে ওই মামলার তদন্তের সূত্রে তাঁকে ফের তলব করা হয়েছিল। তবে ওই দিন তিনি হাজিরা দিতে পারেননি। তারপরে সোমবার ফের তলব করা হয় বিধায়ককে। ইডির দপ্তরে প্রবেশের সময়ে তিনি বলেন, ‘ডেকেছে, তাই এসেছি। যে নথিগুলো চেয়েছিল, সেগুলো নিয়ে এসেছি।‘
Advertisement
তৃণমূল বিধায়ক রথীন ঘোষকে সোমবার প্রশ্ন করা হয়, সাধারণের মানুষের মধ্যে এত ক্ষোভ কেন? কোথায় খামতি ছিল? এর উত্তরে বিধায়ক বলেন, ‘আমরা যদি সেটা বুঝতে পারতাম, তাহলে অনেক কিছু করা যেত। মানুষ তৃণমূল সরকারকে চায়নি। তাই নানা কারণে সেটা হয়েছে।‘ তবে এদিন বিধায়ক এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি।
Advertisement
উল্লেখ্য, রবিবার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাসভবনে তৃণমূল বিধায়কদের নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন। প্রায় ৬০ জন বিধায়ক বৈঠকে উপস্থিত না হওয়ার শেষ পর্যন্ত বৈঠক বাতিল করে দেওয়া হয়। এই প্রসঙ্গে রথীনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি অসুস্থ ছিলাম। তাই যেতে পারিনি।‘ তবে তিনি দাবি করেন, দলের পরিস্থিতি ভালোই রয়েছে।
ভোটের আগেও পুরনিয়োগ দুর্নীতিতে একাধিক বার রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তবে সেই সময় নির্বাচনী কাজে ব্যস্ততার কারণে হাজিরা এড়িয়ে যান তিনি।
Advertisement



