• facebook
  • twitter
  • youtube
Monday, 15 June, 2026

আদালতের নির্দেশ অমান্য করলেন অরূপ বিশ্বাস, প্রাক্তনকে ঠুকলেন বর্তমান ক্রীড়ামন্ত্রী

গ্রেপ্তারের ভয়ে গা ঢাকা দিয়েছেন অরূপ বিশ্বাস বলে মনে করা হচ্ছে। অরূপ বিশ্বাসের উপর নানা কড়া শর্তও চাপিয়েছিল কলকাতা হাইকোর্ট

প্রতিনিধিত্বমূলক চিত্র

তৃতীয় নোটিসেও সাড়া মিলল না অরূপ বিশ্বাসের। মেসিকাণ্ডে তাঁকে তলব করেছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল অরূপ বিশ্বাসকে। আর বারবার হাজিরা এড়ানোর জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে ভর্ৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। কারণ সেখানে গিয়ে রক্ষাকবচের জন্য কড়া নেড়েছিলেন তিনি। আর তখনই তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল উচ্চ ন্যায়ালয়। কিন্তু তারপরেও পুলিশের তলব এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

এদিকে সোমবার বেলা ১২টা নাগাদ অরূপ বিশ্বাসের হাজিরার ডেডলাইন শেষ হয়েছে। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যে নেমে গেলেও হাজিরা দেননি স্বরূপের দাদা। এই নিয়ে পর পর তিনবার হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। সোমবার হাজিরা না দিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশও অমান্য করলেন অরূপ বিশ্বাস। ওই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, পুলিশ ডাকলে নির্ধারিত দিনে হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তদন্তে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না। তাই আদালতের নির্দেশ মেনে, ৪৮ ঘণ্টা সময় দিয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে হাজিরার জন্য তৃতীয় নোটিস দিয়েছিল পুলিশ।

অন্যদিকে গ্রেপ্তারের ভয়ে গা ঢাকা দিয়েছেন অরূপ বিশ্বাস বলে মনে করা হচ্ছে। অরূপ বিশ্বাসের উপর নানা কড়া শর্তও চাপিয়েছিল কলকাতা হাইকোর্ট। অরূপ বিশ্বাসকে তাঁর পাসপোর্ট তদন্তকারী আধিকারিকের কাছে জমা দিতে বলা হয়েছিল। তিনি যে থানার অন্তর্গত এলাকায় বসবাস করেন, আদালতের অনুমতি ছাড়া নির্দিষ্ট থানা এলাকার বাইরে যেতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছিল। অরূপ বিশ্বাসকে তদন্তে সহযোগিতা করতে হবে বলেও নির্দেশ দিয়েছিল আদালত। সেখানে হাজিরা এড়িয়ে অসহযোগিতা করলেন অরূপ।

তাছাড়া অরূপ বিশ্বাসকে দেখা গিয়েছিল ফুটবলার মেসিকে জড়িয়ে ধরে ছবি তুলতে। তখন ক্ষমতায় ছিলেন তিনি। আর এই নিয়ে মামলা হতেই বিচারপতি প্রশ্ন করেছিলেন, ওভাবে জড়িয়ে ধরার কারণ কী? বাল্যবন্ধু নাকি? ইভেন্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত বলেন, ‘কলকাতা হাইকোর্ট বলার পরেও হাজিরা দিচ্ছেন না অরূপ বিশ্বাস।’ আর প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে ঠুকে বর্তমান ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের খোঁচা, ‘মেসি কাণ্ডে চূড়ান্ত অরাজকতা করা হয়েছিল। মাঠে উপস্থিত হয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মেসির সঙ্গে অসভ্যতা করেছিলেন। বাঙালি ফুটবল প্রেমীদের কাছে ওই দিনটা খুবই লজ্জাজনক ছিল।’