• facebook
  • twitter
  • youtube
Thursday, 4 June, 2026

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের

বাংলাদেশে ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে নাম না করেই কিছু মন্তব্য করেন। তাঁর করা সেই মন্তব্য নিয়েও আপত্তি তোলা হয়েছে

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের। তাঁর বিরুদ্ধে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির মর্যাদা ক্ষুণ্ণ করা, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলার অভিযোগ তোলা হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং।

অভিযোগে বলা হয়েছে, একটি রাজনৈতিক কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে যে মন্তব্য করেছেন, তা দেশের সাংবিধানিক ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করতে পারে। এছাড়া, বাংলাদেশে ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে নাম না করেই কিছু মন্তব্য করেন। তাঁর করা সেই মন্তব্য নিয়েও আপত্তি তোলা হয়েছে।

অভিযোগকারীর দাবি, প্রতিবেশী দেশের একটি ঘটনার সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের যোগসূত্রের অভিযোগ আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এমন মন্তব্য দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তি এবং পারস্পরিক অবিশ্বাসের পরিবেশ তৈরি করতে পারে বলেও তিনি অভিযোগে উল্লেখ করেছেন।

আইনজীবীর বক্তব্য, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই তাঁর মন্তব্য দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং জনশৃঙ্খলার উপর প্রভাব ফেলতে পারে বলে তিনি মনে করছেন। সেই কারণে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজুর আবেদন জানানো হয়েছে।

বুধবার শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগ জমা দেওয়ার পর রিঙ্কু চট্টোপাধ্যায় সিং জানিয়েছেন, আদালত খোলার পর তিনি বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের আবেদন জানাবেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।