ভোটের মুখে রাজ্যের একাধিক বুথে পরিকাঠামোর ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের অভিযোগ, একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও বুথের ন্যূনতম পরিকাঠামো গড়ে তুলতে পর্যাপ্ত উদ্যোগ নেয়নি রাজ্য প্রশাসন।
এই পরিস্থিতিতে নবান্নকে কড়া নির্দেশ দিয়েছে কমিশন। জানানো হয়েছে, রাজ্যের প্রতিটি জেলায় সচিব পদমর্যাদার এক জন করে আধিকারিক নিয়োগ করতে হবে, যাঁরা সরাসরি বুথগুলির পরিকাঠামো খতিয়ে দেখবেন। সূত্রের খবর, ওই আধিকারিকেরা সংশ্লিষ্ট জেলাগুলিতে বুথ পরিদর্শন করে কোথায় কী ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করবেন এবং দ্রুত তা মেটানোর ব্যবস্থা করবেন।
Advertisement
কমিশনের মতে, সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোট পরিচালনার জন্য বুথের পরিকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ এবং ভোটারদের জন্য প্রয়োজনীয় অন্যান্য সুবিধা নিশ্চিত করতেই এই বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে।
Advertisement
প্রশাসনিক মহলের একাংশের মতে, ভোটের আগে সময়সীমা বেঁধে দিয়ে এই উদ্যোগে কাজের গতি বাড়তে পারে। কমিশনের এই পদক্ষেপে রাজ্যের ভোট প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ হল বলেই মনে করা হচ্ছে।
Advertisement



