• facebook
  • twitter
  • youtube
Monday, 5 October, 2026

উপনির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রামের আইসি-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন, দায়িত্বে কে?

এদিন আবার নন্দীগ্রামের আইসি বদল করা হল। অজয়কুমার মিশ্রকে নির্বাচন কমিশন বসিয়েছিল বিধানসভা নির্বাচনের সময়

উপনির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রামের আইসি-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন, দায়িত্বে কে?

Nandigram Police Station Photo-SNS

রাত পোহালেই পশ্চিমবঙ্গের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। নন্দীগ্রাম সেখানে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রাজ্য-রাজনীতিতে। উপনির্বাচনের আগে সোমবার অর্থাৎ ভোটের ঠিক আগের দিন নন্দীগ্রামের আইসি বদল করে দিল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া নন্দীগ্রাম আসনে উপনির্বাচন নিয়ে এখন সেখানে প্রস্তুতি তুঙ্গে। তার ঠিক আগে নন্দীগ্রাম থানার ইনস্পেক্টর ইনচার্জকে (আইসি) বদল করল নির্বাচন কমিশন। সোমবার আইসি বদলের নির্দেশিকা জারি করা হয়েছে। ওই থানায় আইসি পদে এতদিন ছিলেন অজয়কুমার মিশ্র।

এবার সেই অজয়কুমার মিশ্রকে সরিয়ে দেবাশিস সরকারকে দায়িত্ব দিল নির্বাচন কমিশন। উপনির্বাচনের ঠিক আগে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। দেবাশিস সরকার পূর্ব মেদিনীপুরের ট্রাফিক কন্ট্রোল রুমের ইনস্পেক্টর ইনচার্জ (টিআই) ছিলেন। উপনির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার দায়িত্ব এবার তাঁকে দেওয়া হল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের খোলনলচে বদলে দেওয়া হয়েছিল। জেলায় জেলায় একাধিক অফিসারও বদলি করা হয়েছিল। কারণ যাতে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হয়।  আর ভোটের ফলপ্রকাশের পর নন্দীগ্রামের আইসি বদল করা হয়েছিল। শুভব্রত নাথকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয় অজয়কুমার মিশ্রকে। তখন শুভব্রত নাথকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির ইনস্পেক্টর করা হয়।

এদিন আবার নন্দীগ্রামের আইসি বদল করা হল। অজয়কুমার মিশ্রকে নির্বাচন কমিশন বসিয়েছিল বিধানসভা নির্বাচনের সময়। সেখানে মাত্র কয়েক মাস হয়েছে ফলাফল প্রকাশের। তার মধ্যেই উপনির্বাচনের ঠিক আগের দিন অজয়কুমার মিশ্রকে সরিয়ে এবার দেবাশিস সরকারকে দায়িত্ব দিল নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করতে হবে। নন্দীগ্রাম থানার আইসি হিসেবে দেবাশিস সরকারের যোগ দেওয়ার রিপোর্ট সন্ধ্যার মধ্যে দেখতে চেয়েছে নির্বাচন কমিশন। কেন হঠাৎ পরিবর্তন করা হল? সেটা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই ইভিএম, ভিভিপ্যাট, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ প্রস্তুত হয়ে গিয়েছে ভোট করার জন্য। তার মধ্যেই এমন রদবদল নিয়ে চর্চা শুরু হয়েছে।

তাছাড়া এই উপনির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। এলাকায় চাপা রাজনৈতিক উত্তেজনা থাকলেও নিশ্ছিদ্র নিরাপত্তাও রয়েছে। নন্দীগ্রাম থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জিতেছিলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরও জেতায় ওই কেন্দ্রটি ধরে রাখেন এবং ছেড়ে দেন নন্দীগ্রাম। রেজিনগর থেকে জিতেছিলেন হুমায়ুন কবীর। দ্বিতীয় কেন্দ্র নওদা থেকেও জেতেন তিনি। তারপর রেজিনগর ছেড়ে দেন। তাই এই দুই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।