• facebook
  • twitter
  • youtube
Sunday, 21 June, 2026

বহরমপুর-আজিমগঞ্জে সরাসরি লোকাল ট্রেন পরিষেবা শুরু, খুশি যাত্রীরা

মুর্শিদাবাদের ভাগীরথী নদীর উপর নশিপুর রেল সেতু চালু হওয়ার ফলে এই রেল সংযোগ সম্ভব হয়েছে

পশ্চিমবঙ্গ দিবসের দিনেই মুর্শিদাবাদের রেলযাত্রীদের জন্য বড় উপহার দিল পূর্ব রেল। শনিবার থেকে আজিমগঞ্জ ও বহরমপুর কোর্ট স্টেশনের মধ্যে সরাসরি মেমু লোকাল ট্রেন পরিষেবা চালু হল। এতদিন যে তিনটি মেমু ট্রেন কাশিমবাজার পর্যন্ত চলাচল করত, সেগুলির পরিষেবা বাড়িয়ে বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত নিয়ে আসা হয়েছে।

বহরমপুর কোর্ট স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন পরিষেবার সূচনা করেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা ও বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। বিধায়ক জানান, দীর্ঘদিন ধরে বহরমপুর ও আজিমগঞ্জের মধ্যে সরাসরি লোকাল ট্রেনের দাবি ছিল। নতুন পরিষেবার ফলে নিত্যযাত্রী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে।

মুর্শিদাবাদের ভাগীরথী নদীর উপর নশিপুর রেল সেতু চালু হওয়ার ফলে এই রেল সংযোগ সম্ভব হয়েছে। এতদিন বহরমপুর থেকে আজিমগঞ্জ যেতে যাত্রীদের খাগড়াঘাট স্টেশন হয়ে ট্রেনে উঠতে বা সড়কপথে জিয়াগঞ্জ গিয়ে নৌকায় নদী পার হতে হত। এখন সরাসরি ট্রেন পরিষেবা চালু হওয়ায় সময় ও খরচ দুটোই কমবে।

রেল সূত্রে জানা গিয়েছে, সকাল, সন্ধ্যা ও রাত মিলিয়ে মোট তিন জোড়া মেমু ট্রেন আজিমগঞ্জ ও বহরমপুর কোর্টের মধ্যে চলাচল করবে। নতুন এই উদ্যোগে যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও শিক্ষাকেন্দ্র বহরমপুরে পৌঁছনো এখন আরও সহজ হবে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটবে।