• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে তালা দিল ঢাকা

এই মুহূর্তে ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশের কোনও দূতাবাস বা উপদূতাবাস থেকেই পর্যটক ভিসা মিলছে না

কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে তালা দিল ঢাকা

দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার উপদূতাবাস আগেই ভারতীয় পর্যটকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করেছিল। এতদিন একমাত্র কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে সীমিত আকারে এই পরিষেবা চালু ছিল। কিন্তু এবার সেই পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশের কোনও দূতাবাস বা উপদূতাবাস থেকেই পর্যটক ভিসা মিলছে না। অর্থাৎ সাধারণ পর্যটনের উদ্দেশ্যে আপাতত বাংলাদেশে যাওয়া কার্যত অসম্ভব।

তবে বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এমপ্লয়মেন্ট ভিসা এবং বিজনেস ভিসা এখনও চালু রয়েছে। ফলে কর্মসূত্রে বা ব্যবসায়িক প্রয়োজনে ভারতীয়রা নির্দিষ্ট শর্তে বাংলাদেশে যেতে পারবেন। পাশাপাশি, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্ষেত্রেও ভিসা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। কারণ, সাংবাদিকদের ভিসা বহুস্তরীয় যাচাইয়ের পর মঞ্জুর হয় এবং তাঁদের চলাফেরা ও অবস্থানের বিস্তারিত তথ্য প্রশাসনের কাছে থাকে, ফলে নিরাপত্তা নিশ্চিত করা তুলনামূলক সহজ। কিন্তু সাধারণ পর্যটকদের ক্ষেত্রে সেই নিরাপত্তা নিশ্চিত করা কঠিন বলেই ঢাকার দাবি। যদিও এই সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত কলকাতার বাংলাদেশ উপদূতাবাস বা দিল্লির দূতাবাস কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় থেকেই বাংলাদেশে অশান্তির সূচনা। শেখ হাসিনা সরকারের পতনের পর ইউনূস দায়িত্ব নিলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি বলে অভিযোগ। সাম্প্রতিক কালে রাজনৈতিক হিংসা, সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং আসন্ন সাধারণ নির্বাচন ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।

এই আবহে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয় পর্যটকদের ভিসা বন্ধ করা হলেও, কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এর নেপথ্যে ভারত-বিরোধী রাজনৈতিক বার্তাই বেশি গুরুত্বপূর্ণ। উত্তপ্ত বাংলাদেশে দেশজুড়ে ভারত-বিরোধিতার আবহে দিল্লির সঙ্গে সংঘাত আরও বাড়াল ঢাকা। অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকার তরফে যুক্তি।