রাজ্য সরকারি কর্মীদের ডিএ জট কাটাতে গুরুত্বপূর্ণ বৈঠকের দিন বদল হল। আগে জানা গিয়েছিল আগামী শনিবার যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সূত্রের খবর, সেই বৈঠক হবে ১ জুন, নবান্নে। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন রাজ্য সরকারি কর্মীরা। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।
শীর্ষ আদালত বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিলেও তৎকালীন রাজ্য সরকার আর্থিক পরিস্থিতির কথা জানিয়ে সময় চেয়েছিল। পরে ২০১৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত বকেয়ার ২৫ শতাংশ দু’দফায় মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি কর্মীদের একাংশ সেই টাকা পেলেও সরকার পোষিত সংস্থার বহু কর্মী এখনও বকেয়া পাননি। ফলে ডিএ আন্দোলন থামেনি।
রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই কর্মীদের একাংশের আশা ছিল, এবার বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ করা হবে। কয়েকদিন আগে খবর ছড়িয়েছিল, মুখ্যমন্ত্রী নিজে যৌথ সংগ্রামী মঞ্চের সঙ্গে আলোচনায় বসবেন। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠকের দিন পরিবর্তন করা হয়েছে।
উল্লেখ্য, প্রথমে মনে করা হয়েছিল বিজেপি সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকেই ডিএ ও সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা হতে পারে। যদিও বৈঠক শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, ডিএ প্রসঙ্গ ক্যাবিনেটে ওঠেনি। তারপরও যৌথ সংগ্রামী মঞ্চের তরফে আশাবাদী সুর শোনা গিয়েছিল। মঞ্চের কনভেনরের কথায়, এতদিন অপেক্ষা করেছি, আরও কয়েকটা দিন অপেক্ষা করতেই পারি। এখন সরকারি কর্মীদের নজর ১ জুনের বৈঠকের দিকে। সেই বৈঠকে ডিএ জটের সমাধানের কোনও রূপরেখা সামনে আসে কি না, সেটাই দেখার।