বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পান বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। রবিবার শিলিগুড়ির প্রাক্তন মেয়রকে দেখতে যান রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। একদা রাজনৈতিক গুরুকে দেখতে গিয়ে শিষ্য শঙ্কর তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন চিকিৎসকদের কাছ থেকে। কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন তিনি। এই খবর পেয়ে বাম নেতার স্বাস্থ্যের খোঁজ নিতে সরাসরি ফোনে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিকে অশোকবাবু পড়ে গিয়ে ডানদিকে মাথায় এবং চোখের পাশে ফেটে যায়। সেলাই পড়েছে। এই পরিস্থিতিতে প্রথমে শিলিগুড়ির হাকিমপাড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় অশোক ভট্টাচার্যকে। পরে চিকিৎসকদের পরামর্শে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয় প্রাক্তন মন্ত্রীকে। ফোন করে প্রবীণ নেতার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁর কাছে আশীর্বাদ প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুবাবু জানান, আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর পাহাড়ে আসার একটি সরকারি পরিকল্পনা আছে। তখন তিনি নিজে এসে অশোক ভট্টাচার্যের সঙ্গে সশরীরে দেখা করবেন।
অন্যদিকে বামফ্রন্ট সরকারের আমলে দীর্ঘদিনের মন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য। শিলিগুড়ির মেয়রও ছিলেন তিনি। ১৯৯১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত শিলিগুড়ির বিধায়ক ছিলেন তিনি। ফোনে মুখ্যমন্ত্রীকে অশোকবাবু বলেন, ঘরে লেখালিখি করার সময় হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যান। অশোকবাবুর দ্রুত সুস্থতা, আরোগ্য কামনা করেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন অশোক ভট্টাচার্য। শিশির অধিকারী কেমন আছেন? সে খোঁজও নিয়েছেন তিনি।
এছাড়া হাসপাতাল সূত্রে খবর, অশোক ভট্টাচার্যের সিটি স্ক্যান-সহ একাধিক স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। প্রাথমিক রিপোর্টে উদ্বেগের কোনও কারণ মেলেনি। শারীরিক অবস্থা স্থিতিশীল। তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিন হাসপাতালে গিয়ে অশোক ভট্টাচার্যের কানের কাছে ফোন ধরেন মন্ত্রী শঙ্কর ঘোষ। তখন কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে শুক্রবার রাতে অশোক ভট্টাচার্যকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা গৌতম দেব।




