দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হতে চলেছে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। আগামী ২১ জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হবে এবং চলবে ৩০ জুলাই পর্যন্ত। বুধবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।
এসএসসির জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোন প্রার্থীর কাউন্সেলিং কবে হবে, সেই সংক্রান্ত কল লেটার কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। শুক্রবার থেকেই কল লেটার পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছিল ২০১৫ সালের ১৬ আগস্ট। ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর প্রকাশিত হয় ফলাফল। এরপর ২০২৪ সালের ২৮ আগস্ট ১৪ হাজার ৫২ জন প্রার্থীর নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই বছরই ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হয় চূড়ান্ত মেধাতালিকা। ৩ অক্টোবর থেকে কাউন্সেলিং ও সুপারিশের প্রক্রিয়া শুরু হলেও ১২ হাজার ৭২৩ জনের কাউন্সেলিং ও সুপারিশ সম্পন্ন হওয়ার পর বাকি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতার কারণে আটকে যায়।
পরবর্তীতে ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া অবমাননা মামলায় মেধাতালিকাভুক্ত ১ হাজার ২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং ও সুপারিশের নির্দেশ দেয় আদালত। সেই মামলার শুনানিতে ২১ মে শিক্ষা দপ্তর আদালতে ১ হাজার ১৭৭টি শূন্যপদের তথ্য জমা দেয়। ওই তথ্যের ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া আবার এগোতে শুরু করে।
এরই মধ্যে ২১ জুলাই থেকে কাউন্সেলিং শুরুর সূচি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ফলে সমস্ত প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হলে পুজোর আগেই শূন্যপদে শিক্ষক নিয়োগ হতে পারে। তা নিয়েই এখন শুরু হয়েছে জোর জল্পনা।




