রবিবাসরীয় সকালে নয়াদিল্লি গেলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সাংসদরা। রাত পোহালেই সোমবার লোকসভায় নতুন তৃণমূলের আত্মপ্রকাশ হবে বলে জানা যাচ্ছে। একদিন আগেই ওই বিদ্রোহী ব্লকে যোগ দিয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই আবহে আগামী ২২ জুন পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম বাজেট। তার আগে নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে জরুরি বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই রবিবার রাতে নয়াদিল্লিতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর বলে সূত্রের খবর।
এদিকে নয়াদিল্লি সফরের আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের সামনে আবার বোমা ফাটালেন বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার। তাঁর দাবি, বিদ্রোহী ব্লকে সাংসদ সংখ্যা ২০ থেকে বেড়ে ২২ জন হয়েছে। সুতরাং আরও দু’জন সাংসদ নয়াদিল্লিতে যোগ দেবেন তাঁদের সঙ্গে। ওই দুজন কারা? সেটা অবশ্য স্পষ্ট করেননি কাকলিদেবী। সোমবার নয়াদিল্লিতে শুভেন্দু অধিকারীর কিছু সাংগঠনিক কর্মসূচি রয়েছে বলেই খবর। কিন্তু তারই ফাঁকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে রাজ্যের আর্থিক বিষয়ে বৈঠক করতে পারেন বলেই সূত্রের খবর।
অন্যদিকে রবিবাসরীয় দুপুরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী সাংসদরা একত্রিত হয়ে বৈঠকে বসবেন। দেখে নেওয়া হবে সব ঠিক আছে কিনা। এই বৈঠকের পর বঙ্গভবনে নৈশভোজ করবেন তাঁরা। আর সেখানে ভূপেন্দ্র যাদব এবং নিশিকান্ত দুবের থাকার কথা। এই আবহে রাজধানীর রাজপথে মুখ্যমন্ত্রী পা রাখলে তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে রাজ্য বাজেট সংক্রান্ত বৈঠক হওয়ার যে কথা রয়েছে সেখানে হাজির থাকতে পারেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং অর্থদপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ।
তাছাড়া নির্মলা সীতারামনের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী-অর্থমন্ত্রীর সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে তুমুল চর্চা শুরু হয়েছে। রাজ্যে পালাবদলের পরই বাংলার প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসে ভাঙন দেখা দিয়েছে। বারবার নয়াদিল্লিতে এসে তৃণমূলের বিদ্রোহী এবং বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারও তা হবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। রাজ্যের বাজেট অধিবেশন শুরুর আগে তৃণমূলকে নিয়ে যাতে যবনিকা পতন হয় সেটাই চাইছেন সকলে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী-অর্থমন্ত্রীর বৈঠক হলে সেখানে যেমন বাংলার জন্য বিশেষ আর্থিক প্যাকেজের আর্জি জানানো হবে তেমনই রাজ্যের নানা উন্নয়নমূলক কর্মসূচি এবং প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।




