• facebook
  • twitter
  • youtube
Thursday, 17 September, 2026

বর্ধমান সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠক থেকে একগুচ্ছ কর্মসূচি থাকছে

আগামী ২৫ সেপ্টেম্বর বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে খবর

বর্ধমান সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠক থেকে একগুচ্ছ কর্মসূচি থাকছে

CM Suvendu Adhikari Photo-SNS

এবার বর্ধমান সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে তাঁর প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে। এখানে এসে সব দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন তিনি। ইতিমধ্যেই এই জেলার স্বাস্থ্যদপ্তরের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এবার সেগুলি গুরুত্ব দিয়ে দেখবেন তিনি বলে মনে করা হচ্ছে। কারণ ওই দপ্তরের আধিকারিকদের ইতিমধ্যেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কদিন আগে বর্ধমান শহরে ভুয়ো ডাক্তারের চক্র ফাঁস হয়েছে। এমনকী ভুল চিকিৎসার জেরে এক শিশুর মৃত্যু পর্যন্ত হয়েছে। এই ঘটনার পর নার্সিংহোম বন্ধের নির্দেশ দেওয়া হলেও অভিযুক্তরা এখনও অধরা। মৃত শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, অভিযুক্তরা গ্রেপ্তার না হলে তাঁরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন।

বর্ধমানে মুখ্যমন্ত্রী এলে মৃত শিশুর পরিবার দেখা করতে পারেন বলে মনে করা হচ্ছে। কারণ এই নিয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য মেলেনি। ভুয়ো চিকিৎসককে কেন পুলিশ এখনও গ্রেপ্তার করেনি? সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃত শিশুর অভিভাবকরা। শুধু এক দালালকে গ্রেপ্তার করেই থেমে গিয়েছে বর্ধমান থানার পুলিশ। যার জেরে পুলিশের উপর আর ভরসা করতে পারছেন না মৃত শিশুর পরিবার। প্রশাসনিক বৈঠকের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁরা দেখা করতে পারেন। সেখানে পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করতে পারেন তাঁরা।

আগামী ২৫ সেপ্টেম্বর বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে খবর। সুতরাং হাতে বিশেষ সময় নেই। একসপ্তাহের মধ্যে কাজের ফাইল প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন আধিকারিকরা। যাতে মুখ্যমন্ত্রী কোনও প্রশ্ন করলেই নথি-সহ উত্তর তুলে ধরতে পারেন তাঁরা। এই জেলায় উন্নয়নের কাজের জন্য টাকা পাঠানো হয়েছিল। সেই টাকা দিয়ে কী কী কাজ হয়েছে তা দেখতে চাইতে পারেন মুখ্যমন্ত্রী। তাই নথি এবং তথ্য প্রস্তুত করতে শুরু করেছেন আধিকারিকরা বলে সূত্রের খবর।

তাছাড়া প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আধিকারিক থেকে শুরু করে জেলার বিধায়করাও উপস্থিত থাকবেন। নানা প্রকল্পের কাজ খতিয়ে দেখবেন তিনি। মুখ্যমন্ত্রী আলু চাষিদের উদ্দেশে কী বার্তা দেন সেটার দিকে তাকিয়ে আছেন অনেকেই। এই সফর নিয়ে গলসির বিধায়ক রাজু পাত্র বলেন, ‘মুখ্যমন্ত্রী চাষি, শ্রমিক সবার কথা ভাবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর জেলায় এই প্রথমবার আসছেন। তিনি ২৫ তারিখই আসছেন এটা নিশ্চিত।’ এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে প্রশাসনিক বৈঠক থেকে কী বার্তা দেন।