বিজেপি সরকারের প্রথম বাজেটেই সর্বস্তরে দেদার বরাদ্দ করা হয়েছে। সোমবার বিধানসভায় পেশ হওয়া বাজেট, মহিলা থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কল্পতরু হতে দেখা গেল পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে। মহার্ঘভাতা থেকে শুরু করে বিপুল নিয়োগের ঘোষণা, প্যারাটিচার থেকে আশাকর্মী, সিভিক ভলান্টিয়ারদের পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, কৃষি সব ক্ষেত্রেই বাজেট ঘোষণায় বড় অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেট পেশ হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তাঁর আত্মবিশ্বাসী মন্তব্য, এমন কিছু আর নেই যা বাজেট থেকে বাদ গিয়েছে। এই বাজেট নিয়ে বিরোধীদেরও কিছু বলার আছে বলে মনে হয় না।
এদিকে বাজেট কতটা সন্তোষজনক সেটা বোঝাতে এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী তুলে ধরেন বহুবারের বিধায়ক অশোক দেবের কথা। পেশায় আইনজীবী ওই বিধায়ক সমালোচনা করার কিছু না পেয়ে মুখ্যমন্ত্রীকে নাকি বলেছেন, ‘কিছুই তো বলার নেই। তবু বলব, আইনজীবীদের জন্য কিছু থাকলে ভাল হতো।’ এটা মুখ্যমন্ত্রীর দাবি। শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘এই বাজেটে পাহাড়ও হাসছে। তরাই-ডুয়ার্সও আছে, সুন্দরবনকেও বাঁচানোর কথা আছে। উত্তরবঙ্গে আইআইটি, এইমস হাসপাতালের কথাও আছে। বলে শেষ করা যাবে না। এটা আট মাসের বাজেট, ১২ মাসের নয়।’
অন্যদিকে এই সাংবাদিক বৈঠক থেকে আগের বামফ্রন্ট সরকার ও তৃণমূল সরকারকেও ঠুকেছেন মুখ্যমন্ত্রী। এখানেই শুভেন্দু অধিকারীর দাবি, ‘এই বাজেটে এমন কোনও অংশ নেই, যেটা বাদ গিয়েছে! বিরোধীদের কিছু বলার আছে বলেও মনে হয় না। বিরোধী দলের এক প্রবীণ বিধায়ক, বহুবারের বিধায়ক, অশোক দেব আমাকে বলছিলেন, বাজেট নিয়ে বলার কোনও সুযোগ নেই। আইনজীবীদের জন্য কিছু থাকলে ভাল হতো। বন্ধু হিসেবে কটা মাস দিন আমাকে। নতুন অর্থমন্ত্রীর সবটা বুঝতে সময় লাগবে। আগে একজনকে ৩৪ বছর সময় দিয়েছেন। তারা চিরকুটে নিজেদের লোককে চাকরি ও তালা লাগানোর কাজ ছাড়া আর কিছু করেননি। আর একজন গত ১৫ বছরের সাদা খাতায় চাকরি দিয়েছেন। এরাই এখন সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলেন। তবে সোশ্যাল মিডিয়ায় যত সমালোচনা হবে তত কাজের গতি বাড়বে।’
তাছাড়া ‘ত্রিশক্তি’র ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী জানান, আসলে তিন ভাগে রাজ্যে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। চলতি বছরে সরকারি ক্ষেত্রে মোট ১ লক্ষ কর্মী নিয়োগ করা হবে। তার ৫০ শতাংশ শিক্ষাক্ষেত্রে আর বাকি পুলিশ, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল, বনকর্মী এবং সরকারি দপ্তরের নানা শূন্যপদে নিয়োগ করা হবে। শুভেন্দু অধিকারীর কথায়, ‘অক্টোবর মাস থেকে স্নাতক পাশ করা যুবকেরা মাসে তিন হাজার টাকা পাবেন। যাঁরা স্নাতক পাশ করেননি, তাঁরা ২০০০ টাকা পাবেন। তা নিয়ে গাইডলাইন প্রকাশ করা হবে। তবে যাদের পরিবারের আয় মাসে এক লক্ষ টাকা বা তার বেশি, তাঁরা এই সুবিধা পাবেন না।’




