• facebook
  • twitter
  • youtube
Friday, 5 June, 2026

‘একটি গাছ মায়ের নামে’ মোদীর পথেই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি জেলা ও কলকাতা পুরসভা এলাকায় প্রায় ৫ হাজার করে চারাগাছ রোপণ করা হবে। ব্লক স্তরে ১০০টি, পুরসভা এলাকায় ২০০টি এবং প্রতিটি বরো এলাকায় ৩০০টি করে চারা লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ‘একটি গাছ মায়ের নামে’ শীর্ষক এই উদ্যোগের মাধ্যমে আগামী কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় ১.১ কোটি চারাগাছ রোপণের লক্ষ্য নেওয়া হয়েছে। ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিধাননগরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ২০২৪ সালে শুরু হওয়া ‘এক পেড় মা কে নাম’ প্রকল্পের আদলে পশ্চিমবঙ্গেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি বিধায়ককে তাঁদের নিজ নিজ বিধানসভা এলাকায় অন্তত এক হাজার চারাগাছ রোপণের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন, পুরসভা, পঞ্চায়েত, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যুক্ত করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি জেলা ও কলকাতা পুরসভা এলাকায় প্রায় ৫ হাজার করে চারাগাছ রোপণ করা হবে। ব্লক স্তরে ১০০টি, পুরসভা এলাকায় ২০০টি এবং প্রতিটি বরো এলাকায় ৩০০টি করে চারা লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য রাজ্য সরকার তিন সদস্যের একটি সমন্বয় কমিটিও গঠন করেছে। বিশ্ব পরিবেশ দিবস থেকে শুরু হওয়া এই সবুজায়ন অভিযান আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত চলবে। সরকারের আশা, প্রশাসন ও সাধারণ মানুষের যৌথ অংশগ্রহণে এই উদ্যোগ রাজ্যের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে।