নতুন বাংলার স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই একের পর এক প্রশাসনিক সংস্কারের পরিকল্পনা বাস্তবে রূপায়িত করতে চলেছেন তিনি। দায়িত্ব নেবার পর থেকেই পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আধুনিকীকরণের পাশাপাশি এবছর পুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করার ঘোষণা করলেন তিনি। মঙ্গলবার ভবানী ভবনে এসে এমন ঘোষণাই করলেন শুভেন্দু।
এদিন রাজ্যের পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু আধুনিকীকরণ নয়, আবাসন থেকে থানা সব কিছুরই উন্নতি হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। গত ১৫ বছরে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এমনকি পুলিশ কে তৃণমূলের দলদাসও বলা হতো। সেই ভাবমূর্তির পরিবর্তন ঘটাতে চায় বিজেপি সরকার।
রাজ্যের পালাবদলে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন শুভেন্দু। এ রাজ্যে এক লক্ষে গড়ে ১০৬ জন পুলিশ কর্মী রয়েছেন। উত্তরপ্রদেশে প্রতি লক্ষে গড়ে ২০০ জন পুলিশ কর্মী রয়েছেন। বাংলার পুলিশি ব্যবস্থাকে সাজাতে উত্তরপ্রদেশ মডেল অনুসরণ করা হবে। ভবানী ভবনে এমনটাই দাবি করেন শুভেন্দু। পুলিশে ৪৭ হাজার শূন্যপদ রয়েছে। আগামী কয়েক বছরে পুলিশে ১লক্ষ নিয়োগ করবে রাজ্য।
১৪ হাজার পুলিশ কনস্টেবল আগেই ট্রেনিং সম্পূর্ণ করে ফেলেছিলেন। কিন্তু ওবিসি নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় নিয়োগ প্রক্রিয়া করা যায়নি। ওই ১৪ হাজার কনস্টেবল দুর্গাপুজোর মধ্যেই নিয়োগ হবে।
পুলিশের পরিকাঠামো উন্নতিতে আধুনিক ইলেকট্রনিক সিস্টেম, সিসিটিভি, বডি ক্যামেরা প্রযুক্তি ব্যবস্থা আনা হচ্ছে। কন্ট্রোল রুমও আধুনিকীকরণ হবে। কলকাতা-সহ রাজ্যের থানাগুলিকেও আরও উন্নত করা হবে। আসবে নতুন গাড়ি। অন্যদিকে দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ ইস্যুতে জিরো টলারেন্স নীতি নিয়েছে বর্তমান রাজ্য সরকার। এবার সেই নীতিতেই আরও একবার সিলমোহর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে অপরাধ দমনে হেল্পলাইন নম্বর নিজের হাতে চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এবার থেকে টোল ফ্রি নম্বর সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও এই অভিযোগ এবার থেকে পৌঁছে যাবে। দিন-রাতের যে কোনও সময় জানানো যাবে অভিযোগ। মুখ্য মন্ত্রীর চালু করা হেল্পলাইন নম্বরগুলি হলো – কাটমানির জন্য ১৫৫৩৩৪, সিন্ডিকেট দুর্নীতি জানাতে ১৫৫৩৩৩৫, বেআইনি ভাবে রাস্তায় ট্যাক্স নেওয়ার বিষয়ে অভিযোগ ১৫৫৩৩৩৭ নম্বরে জানান যাবে। বেআইনি মদের বিরুদ্ধে অভিযোগ জানাতে ফোন করতে হবে ১৫৫৩৩৩৯ নম্বরে। কাটমানি চাওয়া, বালি-পাথর-সিমেন্টের সিন্ডিকেটরাজ, রাস্তায় বেআইনি টোল আদায়, বেআইনি মদের অভিযোগ জানানোকেই গুরুত্ব দেওয়া হয়েছে। গত ১৫ বছরে রাজ্যের ভাবমূর্তি তলানিতে গিয়ে ঠেকেছে। পুলিশ থেকে প্রশাসন সবারই নাভিশ্বাস উঠেছিল।রাজ্যে পালাবদলের হতেই পুরোনো বাংলার গর্ব ফিরিয়ে আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।