বিলম্বে বোধোদয় অমিত শাহের। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে ঘিরে মতুয়া এবং উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ বাড়তে থাকায় নাগরিকত্ব সংক্রান্ত আবেদনগুলি খতিয়ে দেখতে বাংলার জন্য বিশেষ কমিটি গঠন করল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। নাগরিকত্ব আইন, ১৯৫৫ এবং নাগরিকত্ব বিধি, ২০০৯ অনুযায়ী এই কমিটি কাজ করবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি এসআইআর পর্বে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় বহু মতুয়া এবং উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের নাম বাদ পড়ার অভিযোগ সামনে আসে। এর ফলে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয় এবং বিষয়টি রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত সময় ঘনিয়ে আসতেই এই উদ্বেগ আরও বেড়েছে। বহু মানুষের আশঙ্কা, নাগরিকত্ব সংক্রান্ত আবেদন এবং নথি যাচাইয়ের জটিলতার কারণে তাঁদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে।
Advertisement
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন রাজ্যের সেনসাস অপারেশন্স দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। পাশাপাশি সদস্য হিসেবে থাকবেন গোয়েন্দা সংস্থা, বিদেশি নাগরিক নথিভুক্তিকরণ দপ্তর, তথ্যপ্রযুক্তি সংস্থা এবং ডাক দপ্তরের মনোনীত আধিকারিকরা। এছাড়াও রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং রেলের প্রতিনিধিরাও কমিটির সঙ্গে যুক্ত থাকতে পারেন।
Advertisement
কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকেই নাগরিকত্বের জন্য বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। এই আবেদনগুলি দ্রুত এবং নিরপেক্ষভাবে যাচাই করে নিষ্পত্তি করার উদ্দেশ্যেই এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটি নাগরিকত্ব সংক্রান্ত আবেদন, নথিপত্র যাচাই এবং সংশ্লিষ্ট প্রশাসনিক বিষয়গুলি পর্যবেক্ষণ করবে। প্রয়োজনে ভবিষ্যতেও এই কমিটি কাজ চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।
এদিকে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে ভারতের সর্বোচ্চ আদালত। আদালত জানিয়েছে, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই আপত্তি এবং দাবিগুলির নিষ্পত্তিতে বিচারবিভাগীয় আধিকারিকদের যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই পদক্ষেপের ফলে সংশোধন প্রক্রিয়া আরও কঠোর নজরদারির আওতায় এসেছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মতুয়া এবং উদ্বাস্তু সম্প্রদায় পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে নাগরিকত্ব এবং ভোটার তালিকা— এই দুই বিষয়ই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কেন্দ্রের এই বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নাগরিকত্ব সংক্রান্ত আবেদন নিষ্পত্তির প্রক্রিয়াকে গতিশীল করতে পারে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে এর ফলে সংশ্লিষ্ট সম্প্রদায়ের মানুষের উদ্বেগ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।
Advertisement



